খুলনা শপিং কমপ্লেক্সের মালিক ও ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

# সমিতির কার্যালয় ভাঙচুর নয়, স্থানান্তর #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুর করা হয়নি, বরং মার্কেটের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে তা স্থানান্তর করা হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যায় নগরীর একটি অডিটিরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মার্কেটের কিছু অবৈধ দখলদারের কর্মকা-কে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে মিথ্যা মানববন্ধন ও বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মালিক ও ব্যবসায়ীদের দাবি, মার্কেটের নিরাপত্তা, ব্যবসায়ীদের স্বার্থ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আইন ও প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুরের অভিযোগটি সঠিক নয়; বরং পরিস্থিতি বিবেচনায় কার্যালয়টি স্থানান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, খুলনা শপিং কমপ্লেক্সে কোনো ধরনের অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। মার্কেটের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মালিকপক্ষ ও ব্যবসায়ীরা প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবেন। এ সময় খুলনা শপিং কমপ্লেক্স মালিক সমিতির সভাপতি জানে আলম মজুমদার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, খুলনা শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ ফিরোজ কবির বাবলা, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজী বরকত উল্লাহ, সহ সভাপকি সৈয়দ মাহমুদ আলী, ক্যাশিয়ার মোঃ আনোয়ার হোসেন ছায়াদাৎসহ মালিকপক্ষ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



