খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে ৩০৬ জন ভর্তি : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, খুলনায় ১৯ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন, সাতক্ষীরায় ও চুয়াডাঙ্গায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৬ জনসহ মোট ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৪ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ১০৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ সময়ের মধ্যে ৩৫৪ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।
জেলা ভিত্তিক হিসাবে, চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এ জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৬৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। মারা গেছেন ১৯ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২০ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ২ হাজার ৯৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে ডেঙ্গুতে ২৬ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ভর্তি রয়েছেন ২৫৩ জন। এছাড়া বাগেরহাটে ১ হাজার ৯৮৫ জন, যশোরে ১ হাজার ৪৬৫ জন, নড়াইলে ৫৩৪ জন, সাতক্ষীরায় ৪২৫ জন, ঝিনাইদহে ৩৮৫ জন, কুষ্টিয়ায় ৩৪৮ জন, মাগুরায় ৩২৯ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৮ জন, মেহেরপুরে ২৬০ জন এবং চুয়াডাঙ্গায় ১২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর চাপ সবচেয়ে বেশি খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দিতে চাপ বাড়ছে।



