খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ৩১ অক্টোবর

প্রবাহ রিপোর্ট : সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। পথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
লংমার্চ সফল করতে নেতা-কর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একের পর এক তেল-গ্যাসসহ বিভিন্ন জ্বালানির দাম বাড়ায় এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতাদের প্রতি আক্রোশ থেকেই সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও তুলে ধরে তিনি বলেন, ১১ দল এ ঘটনার নিন্দা জানিয়েছে।
গণভোটের বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস-সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি রোধ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক হয়। এর আগে সিদ্ধান্ত ছিল, অক্টোবরের মধ্যে শেষ হবে চারটি লংমার্চ। মধ্য নভেম্বরে হবে ঢাকায় মহাসমাবেশ। তবে দলটি পরবর্তীতে সিদ্ধান্ত নেয়, লংমার্চের সংখ্যা বাড়বে। কর্মসূচি চলবে ডিসেম্বর মাসজুড়ে। গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করে জামায়াত জোট।
১৭ সেপ্টেম্বর ঢাকা-খুলনা লংমার্চ করার প্রাথমিক সিদ্ধান্ত ছিল। ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রেলমার্চ হওয়ার কথা। শুধু দিন পরিবর্তন নয় ঢাকা-খুলনা-লংমার্চের রুট বর্ধিত করা হয়েছে। ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ হবে। ৩১ অক্টোবর শনিবার সকাল ৭টায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ হবে। পথিমধ্যে পাঁচ ছয়টি সভার পর কুষ্টিয়ায় হবে সমাপনী সমাবেশ।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াত আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ লংমার্চে অংশ নেবেন।
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।



