জাতীয় সংবাদ

দেশে ৩১ ব্যাংকের ডিজিটাল সেবা ব্যাহত

পূর্ব ঘোষণা ছাড়াই কিউ ক্যাশের সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু

প্রবাহ রিপোর্ট : পূর্বঘোষণা ছাড়াই কিউ ক্যাশের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৩১টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। সেবা বন্ধের আগে গ্রাহকদের যথাযথভাবে অবহিত না করায় হঠাৎ ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক।
জানা গেছে, রোববার থেকে কিউ ক্যাশের সিস্টেম মাইগ্রেশন শুরু হয়েছে। মাইগ্রেশন শুরুর আগে ব্যাংকগুলোকে বিষয়টি জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে এক নোটিশের মাধ্যমে কিউ ক্যাশ জানায়, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম মাইগ্রেশনের কাজ চলবে। নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে সদস্য ব্যাংকগুলোর বিভিন্ন ডিজিটাল সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।
কিউ ক্যাশ হলো একটি কার্ড নেটওয়ার্ক, যা বিভিন্ন ব্যাংকের কার্ড ও এটিএম বুথকে একটি নেটওয়ার্কের আওতায় যুক্ত করে গ্রাহকদের সহজে ও নিরাপদে টাকা লেনদেনের সুবিধা দেয়।
বেসরকারি একটি ব্যাংকের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, পূর্বঘোষণা ছাড়াই কিউ ক্যাশ সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু করেছে। পরবর্তী সময়ে যে নোটিশ দেওয়া হয়েছে, সেটিও অনেক ব্যাংক দেরিতে পেয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক ও গ্রাহকদের আগে থেকে বিষয়টি অবহিত করা সম্ভব হয়নি।
কমিউনিটি ব্যাংকের একটি এটিএম বুথে ঝোলানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) পরিচালিত কিউ ক্যাশ (কার্ড নেটওয়ার্ক পার্টনার) নেটওয়ার্কের সব সদস্য ব্যাংকের জন্য সিস্টেম মাইগ্রেশন পরিচালনা করছে। অন্যান্য অংশীদারের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনার কারণে কমিউনিটি ব্যাংকের সরবরাহ করা বিভিন্ন সেবায় সাময়িক বিঘœ ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাময়িকভাবে ব্যাংকের ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড দিয়ে এটিএম ও পিওএসের মাধ্যমে লেনদেন, পিওএস ও বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন, আইব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধ বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কোনো ব্যাংকের আইটি সিস্টেমে বড় ধরনের পরিবর্তন বা আপডেট করতে হলে আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হয়। এরপর প্রয়োজনীয় নির্দেশনা ও গ্রাহকদের অবহিত করার ব্যবস্থা নেওয়া হয়। তবে কিউ ক্যাশের ক্ষেত্রে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে আইটিসির তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি। ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্তে একযোগে সেবা বন্ধ রেখেছে।
তিনি বলেন, গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগে কোনো বিজ্ঞপ্তি বা পূর্বঘোষণা দেয়নি। ফলে হঠাৎ কয়েকটি সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে আগে থেকে জানানো প্রয়োজন ছিল। যেহেতু জানানো হয়নি, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে কিউ ক্যাশের সিনিয়র অফিসার সাইফউদ্দিন বলেন, ‘আমরা সিস্টেম আপডেটের কাজ করছি। সিস্টেমে কোনো ঝামেলা হয়নি। আমাদের সদস্য ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়েছি।’
আগে থেকে ব্যাংকগুলোকে জানানো হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপডেট করার সঙ্গে সঙ্গে জানানো হয়েছে।’
কিউ ক্যাশের সদস্য ব্যাংকগুলো হলো-অগ্রণী ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও উত্তরা ব্যাংক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button