সম্পাদকীয়

খুলনায় অবৈধ আগ্নেয়াস্ত্রে ঝরছে প্রাণ : কঠোর পদক্ষেপ নিন

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরিক সমাজে উদ্বেগ-উৎকণ্ঠা কমছে না। প্রায়ই দেশের বিভিন্ন স্থান থেকে খুনখারাবির খবর আসছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। এসব অপরাধের পেছনে রয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি। খুলনার রূপসা উপজেলায় সাম্প্রতিক একটি ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার ৬০ বছর বয়সী আক্তার ঢালীকে নিজ বাড়ির সামনে গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এর মাত্র দেড় মাস আগে তাঁর ছেলে জয় ঢালীও (২৭) দুর্বৃত্তদের হাতে নিহত হন। খুলনার দিঘলিয়ায় নাসিমুল করিমকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে আহত হন খুলনার লবণচরা থানা বিএনপি নেতা মো. ইকবাল শেখ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য বলছে, সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে ১৩৮টি গুলির ঘটনায় ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ ২১ জেলায় গুলিতে প্রাণ গেছে ৬৭ জনের। আহত অন্তত ১৪৫ জন। এর মধ্যে খুলনায় ১৫ জন নিহত ও ২০ জন আহত, চট্টগ্রামে নিহত ১৩। ডিএমপি সূত্র বলছে, গত ৯ মাসে রাজধানীতে ১৭টি গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়। একই সময় সর্বাধিক ৩৯টি ঘটনা ঘটে খুলনায়। সর্বশেষ গত রবিবার খুলনায় দুটি গুলির ঘটনার কয়েক দিন আগে আরো দুজনকে গুলি করে হত্যা করা হয়। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্বৃত্তদের হাতে অবৈধ আগ্নেয়াস্ত্রের মজুদ বাড়তে থাকে। এ সময় থানা ও ফাঁড়ি থেকে পুলিশের লুট হওয়া পাঁচ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্রের বেশির ভাগ সন্ত্রাসীদের হাতে চলে যায়। এর মধ্যে ১৩ শতাধিক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এর বাইরে সীমান্তের চোরাই পথে প্রচুর আগ্নেয়াস্ত্র ঢোকে দেশে। এসব অস্ত্রে এখন খুনাখুনি বাড়ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই সরকারের বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো কঠোর হওয়া প্রয়োজন। তা না হলে সব অর্জন বৃথা যেতে পারে। আমরা মনে করি, অবৈধ অস্ত্র উদ্ধারে সমন্বিত অভিযান প্রয়োজন। পাশাপাশি সীমান্ত দিয়ে যেন অস্ত্র না ঢুকতে পারে তার জন্য কড়া নজরদারি নিশ্চিত করতে হবে। সর্বোপরি মূল হোতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেই হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button