বাড়ল জেট ফুয়েলের দাম

প্রবাহ রিপোর্ট ঃ
জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের (শুল্ক ও মূসকসহ) দাম ১৮২ টাকা ৭১ পয়সা। আগে প্রতি লিটারের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। ফলে লিটারে জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে। বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার (শুল্ক ও মূসকমুক্ত) ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১.১৮৮২ ডলার করা হয়েছে। বিইআরসি জানায়, নতুন এ মূল্য ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। সেপ্টেম্বর মাসে দেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারিত ছিল। এছাড়া আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। সেই হিসাবে চলতি অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে শূন্য দশমিক ১১ সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে।


