বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট দেখা যাবে টি স্পোর্টসে

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ আবুধাবিতে আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠেয় এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের পাশাপাশি বিশ্বজুড়ে দর্শকদের জন্যও থাকছে সরাসরি খেলা দেখার ব্যবস্থা। বাংলাদেশে টেলিভিশনে টি স্পোর্টস এবং অনলাইনে ট্যাপম্যাডে দেখা যাবে ম্যাচটি। এ ছাড়া বিভিন্ন দেশে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের দর্শকরা টি স্পোর্টস চ্যানেলে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন। অনলাইনে খেলা দেখতে চাইলে ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে যুক্ত হওয়া যাবে। স্বাগতিক আফগানিস্তানের দর্শকদের জন্য ম্যাচটি সম্প্রচার করবে আরিয়ানা টিভি। পাশাপাশি এটিসালাট অ্যাপেও ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ভারতে ম্যাচটির এক্সক্লুসিভ ডিজিটাল সম্প্রচারের দায়িত্বে রয়েছে ফ্যানকোড। পাকিস্তানে টেলিভিশনে এ স্পোর্টস এবং ডিজিটাল মাধ্যমে তামাশায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তানের এই টেস্ট। উত্তর আমেরিকার দর্শকদের জন্য থাকছে উইলো টিভি। অস্ট্রেলিয়ায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ফক্স স্পোর্টস। শ্রীলঙ্কায় পিসিও টিভি ও ডায়ালগ প্ল্যাটফর্মে দেখা যাবে খেলা। এ ছাড়া মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দর্শকদের জন্য ম্যাচটি সম্প্রচার করবে ক্রিকবাজ। ইউরোপ, আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের দর্শকদের জন্য থাকছে স্পোর্ট সেন্ট্রাল ও স্পোর্ট টিভির ডিজিটাল সম্প্রচার।



