বিনোদন

অভিনেত্রীকে ‘হেনস্তা’, অভিযুক্ত চালকের খোঁজে ফুটেজে নজর পুলিশের

প্রবাহ রিপোর্ট ঃ অ্যাপে ডাকা গাড়ির ভেতর পড়ে যায় ব্যাগ। সেই ব্যাগ নিতে গিয়ে গাড়ির জানালার দিয়ে হাত বাড়িয়ে দিতেই গাড়ি চালিয়ে দেয় চালক। প্রাণে বাঁচতে দরজা ধরে চিৎকার করতে থাকেন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। কিন্তু অভিনেত্রীকে রাস্তার উপর টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে চালক। কিছুটা যাওয়ার পর হাত ছেড়ে দিয়ে বাধ্য হন তিনি। রাস্তার উপর পড়ে গেলে অন্য একটি গাড়ি অভিনেত্রীকে ধাক্কা দেয়। এটি কোনও সিনেমার শুটিং নয়। মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতায় ঘটে যাওয়া এই ঘটনার জেরে আহত হন টলিউড অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। আতঙ্কিত অবস্থায় শেষ পর্যন্ত কালীঘাট থানায় অ্যাপের ট্যাক্সি চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ওই অভিনেত্রী উত্তর কলকাতার টালা এলাকার বাসিন্দা। টালিগঞ্জের এনটি-১ স্টুডিওয় তার শুটিং ছিল। রাতে শুটিংয়ের শেষে বাড়ি ফেরার জন্য একটি অ্যাপে ট্যাক্সি বুক করেন। অভিনেত্রীর অভিযোগ, কিছুটা দূর যাওয়ার পরই লোকেশন ও ভাড়া নিয়ে সমস্যা শুরু করে চালক। গাড়ির মধ্যেই বাকবিত-া শুরু হয়। রাসবিহারী মোড়ের কাছে আসার পর কালীঘাট মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামিয়ে যাত্রী ওই অভিনেত্রীকে নেমে যেতে বলে সে। অনেকটা বাধ্য হয়েই অভিনেত্রী গাড়ি থেকে নেমে যান। তখনও গাড়ির ভিতরে ছিল তার ব্যাগটি। তিনি জানালার মধ্যে থেকে ব্যাগটি বের করতে যাওয়ার সময়ই চালক গাড়ি চালিয়ে দেয়। তিনি দরজাটি চেপে ধরেন। ওই অবস্থায় তাকে টেনে হিঁচড়ে কিছু দূর নিয়ে যায়। অভিনেত্রী চিৎকার করতে থাকেন। কিন্তু বেশিক্ষণ দরজা ধরে থাকতে পারেননি। তিনি ছিটকে এসে রাস্তায় পড়েন। তখন অন্য একটি গাড়ির সঙ্গেও তার ধাক্কা লাগে। এরপর পথচারীদের সাহায্যে কোনওমতে অভিনেত্রী উঠে দাঁড়ান। ততক্ষণ ব্যাগ নিয়ে চালক উধাও হয়ে যায়। শেষ পর্যন্ত আহত অবস্থায় তিনি কালীঘাট থানায় পৌঁছন। প্রাথমিক চিকিৎসার পর তিনি ওই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। চালকের নাম ও গাড়ির নম্বরও তিনি পুলিশকে জানান। জানা গেছে, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। রাসবিহারী অঞ্চলের সিসিটিভির ফুটেজও পুলিশ পরীক্ষা করে পুরো ঘটনাটি জানার চেষ্টা করছে। তারই ভিত্তিতে ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বলে রাখা যায়, বহুবছর ধরে নৃত্যশিল্পী হিসেবে কাজ করে আসছেন সম্পিতা প্রামাণিক। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। তবে মানুষ নতুনভাবে সম্পিতাকে চিনেছে বাঘিনী ধারাবাহিকের নায়িকা হিসেবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button