ঘুরে দাঁড়াচ্ছে দেশের ডাক বিভাগ : বাস্তবায়ন চাই

একসময় চিঠি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। চিঠিতে মানুষের আবেগ-অনুভূতি প্রকাশ পেত। ডাকঘরগুলো ছিল সরব। প্রযুক্তির দাপটে সেই দিন গত হয়েছে। সেই ধাক্কা লেগেছে দেশের ডাক বিভাগেও। জেলা-উপজেলা পর্যায়ের ডাকঘরের রাস্তা হয়তো অনেকেই ভুলে যেতে বসেছে। তবে সাম্প্রতিক বাংলাদেশ ডাক বিভাগ ঘুরে দাঁড়ানোর পদক্ষেপ নিয়েছে। বেশ কিছু আধুনিক সেবা সংযোজন করা হয়েছে, যা আশা-জাগানিয়া বার্তাই বলা যায়। এমন প্রেক্ষাপটে গতকাল পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস। বাংলাদেশ ডাক বিভাগের এবারের প্রতিপাদ্যও বেশ প্রাসঙ্গিকÑ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। একটি বিষয় মনে রাখা দরকার, প্রযুক্তির দাপটে দেশের ডাক বিভাগ পিছিয়ে পড়লেও একই সময়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অনেক এগিয়ে গেছে। বিশেষ করে পার্সেল সরবরাহে অনেক প্রতিষ্ঠান গ্রাহকের আস্থা অর্জন করেছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ডাক বিভাগও এই দিকে নজর দিয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ট্র্যাকিং ও ট্রেসিং, পোস্ট পিকআপ ও ডেলিভারি, ফুলফিলমেন্ট সেন্টার, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালুর মাধ্যমে ডাকসেবার পরিধি সম্প্রসারণ করা হচ্ছে। এ ছাড়া ‘স্পিড পোস্ট’ নামক পার্সেল সার্ভিসের হাত ধরে বাংলাদেশ ডাক বিভাগ নতুন করে নিজের সক্ষমতা প্রমাণ করার চেষ্টা করছে। মাত্র ১০ টাকায় প্রথম কেজি, এরপর প্রতি কেজি পাঁচ টাকাÑএমন কম খরচে স্পিড পোস্টে বিশেষ ব্যবস্থায় দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে ফ্রিজ, টেলিভিশন, আসবাব, ফল, মাছ-মাংস থেকে শুরু করে মোটরসাইকেলও। এসব সেবার পাশাপাশি আগামী দিনে বিমানবন্দর থেকে প্রবাসীদের লাগেজ সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বেশির ভাগ এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে লাগেজ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আগামী দিনে ই-কমার্স ব্যবসায়ীদের জন্য ক্যাশ অন ডেলিভারি (সিওডি) চালুর পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি, সারা দেশে ছড়িয়ে থাকা ডাক বিভাগের সুবিশাল নেটওয়ার্ক ও অবকাঠামো যদি সঠিক কৌশলে কাজে লাগানো যায়, তাহলে সরকারি এই বিভাগটির সুদিন খুব বেশি দূরে নয়। ডাক বিভাগের ঘুরে দাঁড়ানোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়Ñএই ইতিবাচক ধারা অব্যাহত থাকুক।
