নগরীতে দুর্বৃত্তদের গুলিতে গ্যাস কোম্পানির অপারেটর আহত

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর কাশিমনগর তিন নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে খুলনা সদর থানাধীন কাশিমনগর সড়কে এ ঘটনা ঘটে। আহত জনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।
আহত জনি ওই এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। তিনি বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।
জনি জানান, শনিবার বিকেলে তিনি বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালো রঙের একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাঁর ওপর গুলি চালিয়ে পালিয়ে যান। ওই দুই ব্যক্তির মুখে মাস্ক পরা ছিল বলে জানান তিনি। গুলিটি তাঁর কোমরের ডান পাশে নিচের দিকে লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কাশিমনগরে জনি নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



