বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ সামাজিক মাধ্যমে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান। বাংলাদেশের সঙ্গে নিজের পারিবারিক শিকড় এবং ভক্তদের অকুণ্ঠ সমর্থন নিয়ে সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে কথা বলেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। সামাজিক মাধ্যমে তার কমেন্টবক্স নিয়মিত বাংলাদেশের পতাকায় ভরে যাওয়ার বিষয়ে কুইন বলেন, সমর্থকদের এই ভালোবাসা অবিশ্বাস্য। তারা এই সমর্থনকে কখনোই হালকাভাবে নেন না। এত মানুষের ভালোবাসা পাওয়া এবং তাদের কোনো কিছুর অংশ হওয়ার আকাক্সক্ষা তার কাছে বিশেষ কিছু। বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে কুইন বলেন, ‘আমরা আপনাদের সবাইকে ভালোবাসি। এত বড় সমর্থন পাওয়া এবং এত মানুষ যখন চায় আপনি কোনো কিছুর অংশ হোন, তা সত্যিই খুব বিশেষ। আপনাদের ফ্যানবেস অসাধারণ। আমরা আপনাদের সবাইকে ভালোবাসি।’ বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে খেলেছেন কুইনের দুই ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ট্রফিও জিতেছেন তারা। অল্প সময়েই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন দুই ভাই। নিজের বাংলাদেশি পারিবারিক ঐতিহ্য সম্পর্কে কুইন জানান, তার নানি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। এখনও বাংলাদেশেই বসবাস করছেন তিনি। পরে বাংলাদেশ থেকে বাইরে গিয়ে নানার সঙ্গে পরিচয় হয় তার। এভাবেই বাংলাদেশের সঙ্গে তাদের পরিবারের শিকড়ের যোগসূত্র তৈরি হয়েছে। কুইন জানান, সাম্প্রতিক সময়ে তারা নিজেদের এই ঐতিহ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছেন এবং এ সম্পর্কে জানার আগ্রহও বেড়েছে। বিশেষ করে তার যমজ ভাই রোনান ও ডেকলানকে বাংলাদেশের মানুষের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।



