জাতীয় সংবাদ

বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ

প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানোর ঘটনায় এক প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। একই সঙ্গে তাদের দুজনকে অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন পাওয়া যায়। এর ভিত্তিতে বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাদের অন্যত্র বদলির জন্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাটি ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত দুই শিক্ষক হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে তাদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরদিন বুধবার তদন্তের নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে ওই দুই শিক্ষকের মধ্যে মারামারি ও ধস্তাধস্তি হয়। ২০০৪ সালে তাদের বিয়ে হয়। তাদের একটি মেয়ে রয়েছে। উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
প্রায় ১৪ বছর ধরে আলাদা থাকছেন আফজাল হোসেন ও আসমা বেগম। পারিবারিক বিরোধের জেরে তাদের মধ্যে আদালতে মামলাও চলছে। দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button