জাতীয় সংবাদ

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

প্রবাহ রিপোর্টঃ মিয়ানমারের মধ্যাঞ্চলের এক গ্রামে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মান্দালয় শহরে হামলায় প্রাণহানির ওই ঘটনা ঘটেছে বলে শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় এক বিদ্রোহী যোদ্ধা জানিয়েছেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। মান্দালয় শহরের দক্ষিণ-পশ্চিমে ইয়েসাগিও এলাকায় পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত অঞ্চলে শুক্রবার দুপুর ২টার দিকে ওই হামলার ঘটনা ঘটেছে। পিডিএফের সদস্য বো পাও বলেছেন, সামরিক বাহিনীর বিমান হামলায় ছয় নারী ও দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক বছরের একটি শিশুও রয়েছে, যে কেবল হাঁটতে শিখেছিল।তবে এই হামলার বিষয়ে জানতে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী হামলার পরবর্তী পরিস্থিতি বর্ণনা করেছেন।তিনি বলেন, আমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া তিনটি বাড়ি দেখেছি। এই বাড়িগুলো রাস্তার পাশেই ছিল; যেখানে বোমা আঘাত হেনেছিল।ওই প্রত্যক্ষদর্শী বলেন, সাইকেল চালিয়ে যাওয়া ১১ বছরের এক স্কুলছাত্রসহ সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।মিয়ানমারে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ১ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।কেন্দ্রীয় শাসনের বিরোধিতাকারী জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর পাশাপাশি পিডিএফের যোদ্ধারা দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন।তবে সামরিক বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পর মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের আশপাশে পিডিএফের যোদ্ধারা বর্তমানেন কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button