জাতীয় সংবাদ

‘জামায়াতের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ’ : ডা. শফিকুর রহমান

প্রবাহ রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াতের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভ। এ জন্য প্রত্যেককে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকতে হবে।’ শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির জানান, জনগণ তাদের ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তারা মনে করেন। নির্বাচনে নিজেদের দুর্বলতা ও ভুলত্রুটি চিহ্নিত করে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে হবে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে নিয়ে কাজ করতে হবে।’
দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবে, তা জনগণই নির্ধারণ করবে।’
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২০২৮ কার্যকালের আমির নির্বাচনে ভোট দিয়েছেন ১৩ হাজারের বেশি রুকন (সদস্য)। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল পৌনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। তাকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির। তবে নির্বাচনে কে আমির নির্বাচিত হয়েছেন, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
সম্মেলনে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা রয়েছে।
সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ ছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button