খেলাধুলা

অস্ট্রেলিয়ার সেই ‘বল টেম্পারিং’ কা- নিয়ে মুখ খুললেন ওয়ার্নার

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা। ‘স্যান্ডপেপার গেট’ নামে পরিচিত সেই ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ওই ঘটনার জেরে তৎকালীন অধিনায়ক স্মিথকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বল বিকৃতিতে সরাসরি অংশ নেওয়ায় ব্যানক্রফট পেয়েছিলেন নয় মাসের নিষেধাজ্ঞা। অন্যদিকে ওয়ার্নারকেও এক বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি আজীবনের জন্য অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও ২০২৪ সালে তার নেতৃত্বের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রায় আট বছর পর সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজার আত্মজীবনীতে উঠে এসেছে সেই বিতর্কের নতুন তথ্য। নিজের বইয়ে খাজা দাবি করেছেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারই নন, দলের অন্য সদস্যরাও জানতেন। এমনকি ড্রেসিংরুমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি। খাজার এই বক্তব্যের পর এবার মুখ খুলেছেন ডেভিড ওয়ার্নারও। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, দীর্ঘ আট বছর এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সতীর্থ খাজার বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ওয়ার্নার বলেন, তার প্রকাশ করা তথ্য শতভাগ সত্য। এত দিন পর হলেও বিষয়গুলো সামনে আসা প্রয়োজন ছিল। ২০১৮ সালের তদন্তপ্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক এই অস্ট্রেলীয় ওপেনার। তার মতে, পুরো তদন্তই ছিল তাড়াহুড়ো করে সম্পন্ন করা এবং তাতে বেশ কিছু ত্রুটি ছিল। বিশেষ করে ড্রেসিংরুমে ব্যানক্রফটের পাশে বসা খাজার সাক্ষাৎকার পর্যন্ত নেওয়া হয়নি বলে প্রশ্ন তুলেছেন তিনি। ওয়ার্নারের ভাষায়, ‘তদন্তের সময় ক্যামেরন ব্যানক্রফটের ঠিক পাশেই বসেছিলেন উসমান খাজা। অথচ তদন্তকারীরা তার সঙ্গে কথা বলার প্রয়োজনও মনে করেননি। এমন তদন্তকে কীভাবে পূর্ণাঙ্গ বা নিরপেক্ষ বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করেছে।’ খাজার বক্তব্য প্রকাশের পর অনেকে তার সমালোচনা করছেন। কারও মতে, বইয়ের প্রচার ও বিক্রি বাড়াতেই তিনি পুরোনো ঘটনা সামনে এনেছেন। আবার আট বছর পর কেন বিষয়টি নিয়ে কথা বলছেন, সেই প্রশ্নও উঠেছে। তবে ওয়ার্নারের মতে, খাজাকে কাঠগড়ায় না দাঁড় করিয়ে বরং তৎকালীন তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা উচিত। তিনি বলেন, ‘আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে কিংবা পুরোনো ক্ষত আবার উসকে দিতে চাইছি না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাবদিহি, স্বচ্ছতা এবং সত্যকে যথাযথভাবে যাচাই করা। যিনি জবাবদিহি চাচ্ছেন, সেই মানুষটিকে নিয়ে আলোচনা বন্ধ করে বরং যারা তদন্তের দায়িত্বে ছিলেন, তাদেরই জবাবদিহি নিশ্চিত করার সময় এসেছে।’ পুরোনো এই বিতর্কের প্রভাব যে শুধু ক্রিকেটীয় অঙ্গনেই সীমাবদ্ধ ছিল না, সেটিও তুলে ধরেছেন ওয়ার্নার। গত কয়েক দিনে নিজের ১২ বছর বয়সি মেয়ে আইভির মুখোমুখি হতে হয়েছে তাকে। বাবার কাছে মেয়েটি জানতে চেয়েছে, সেই সময় কেন তাদের আটকে রাখা হয়েছিল, কেন এত ক্যামেরা ছিল এবং টেলিভিশনে কেন তাদের কাঁদতে দেখা গিয়েছিল। মেয়ের এসব প্রশ্নের উত্তর দেওয়া যে তার জন্য বেশ কষ্টকর ছিল, তা জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, সন্তানদের সব সময় সত্য বলার শিক্ষা দিয়েছেন। কারণ, মিথ্যা একসময় না একসময় প্রকাশ্যে আসবেই। ওয়ার্নারের দাবি, গত আট বছর ধরে গণমাধ্যমে নানা ধরনের ভুল তথ্য ও নেতিবাচক তকমা সহ্য করতে হয়েছে তাদের। এ সময় তার পরিবার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। দীর্ঘদিন পর বিষয়গুলো প্রকাশ্যে আসায় কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি। খাজার সাহসী ভূমিকার প্রশংসা করে ওয়ার্নার বলেন, এখন সময় এসেছে ব্যক্তিকে আক্রমণ না করে প্রকৃত সত্য সামনে আনার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button