নগরীতে শীর্ষ সন্ত্রাসী সিজানকে ঘিরে এসআরবি’র অভিযান : বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানকে (২৬) ঘিরে নগরীর পশ্চিম টুটপাড়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে খুলনা সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সিজান পালিয়ে যান বলে জানিয়েছে অভিযানকারী দল।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায়।
এসআরবির দাবি, উদ্ধার করা মোবাইল ফোন থেকে ধারণা করা হচ্ছে, পিস্তল ও মোবাইল ফোনটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের (২৬)। তিনি টুটপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শাহজাহান সিকদার।
অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি টের পেয়ে সিজান ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানানো হয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়।
এসআরবি জানিয়েছে, পলাতক শহিদুল ইসলাম সিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।



