নকল প্রসাধনীতে বাজার সয়লাব : কড়া নজরদারি জরুরি

শীত আসি আসি করছে, এর মধ্যেই বাজারে চলে এসেছে শীত মৌসুমের নানা প্রসাধনী। কিন্তু এসব পণ্য কতটা আসল, তা নিয়ে নিশ্চিন্ত হওয়ার সুযোগ কোথায়? আজকাল নামি-দামি ব্র্যান্ডের মোড়কেও দেদার বিক্রি হচ্ছে নকল প্রসাধনী। সাধারণ মানুষ ভালো মানের আশা করে বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী কিনতে চায়, কিন্তু সেখানেও নকল। বলা বাহুল্য, এসব পণ্য বেশি দাম দিয়ে কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ক্রেতাসাধারণ। এটি বেশ হতাশার চিত্র যে দীর্ঘদিনেও আমাদের বাজার ক্রেতাবান্ধব হয়ে উঠল না। বাজারে পদে পদে ক্রেতাদের ঠকে যাওয়ার ফাঁদ। প্রায় সব পণ্যের আসলের পাশাপাশি নকল রয়েছে। শুধু কি ভোগ্য পণ্য? ওষুধের মতো জীবন রক্ষাকারী জিনিসেও বহু নকল রয়েছে। পরিস্থিতি এমন, নকলের ভিড়ে আসল খুঁজে পাওয়াই বড় চ্যালেঞ্জ। প্রকাশিত খবরে জানা যায়, ঢাকার চকবাজার এবং আশপাশের কয়েকটি মার্কেটে সরেজমিনে ঘুরে নকল প্রসাধনীর সত্যতা পাওয়া গেছে। নানা ব্র্যান্ডের মোড়কে এসব পণ্য থরে থরে সাজানো। ওই এলাকায়ই এসব নকল প্রসাধনী তৈরির কারখানা রয়েছে। চকবাজার মূলত পাইকারি মার্কেট। সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে এসব পণ্য চলে যাচ্ছে। সাধারণত শীত মৌসুমে প্রসাধনীর মার্কেট চাঙ্গা থাকে। এই সুযোগটিই নিয়ে থাকে একটি অসাধুচক্র। এসব নকল পণ্য এত নিখুঁত থাকে যে সাধারণ চোখে দেখে বোঝার উপায় নেই। উৎপাদনের তারিখ, আসল পণ্যের মনোগ্রাম, মোড়কÑসবই হুবহু। অথচ তৈরি করা হচ্ছে আটা-ময়দার সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে, যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।
বাজারে নকল পণ্যের ছড়াছড়ির মূল কারণ হলো নজরদারির অভাব। প্রয়োজনীয় নজরদারি না থাকায় প্রকাশ্যেই চলে নকল পণ্যের কেনাবেচা। মাঝেমধ্যে অভিযান পরিচালিত হয়, নকল বা মেয়াদোত্তীর্ণ পণ্য নষ্ট করা হয়, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ ছাড়া দায়ীদের যে জরিমানা করা হয়, সেটিও অনেক ক্ষেত্রে যথাযথ হয় না। কেননা প্রায়ই দেখা যায়, জরিমানা দিয়েও একই ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই পুরনো কাজই চালিয়ে যায়।
বিশেষজ্ঞরা মনে করেন, ব্যবসায়ীদের নৈতিক জায়গাটা ঠিক করা জরুরি। ব্যবসায়ীরা নকল পণ্য বর্জন ও আসল পণ্য বিক্রি করলে বাজার অনেকটাই ক্রেতাবান্ধব হয়ে উঠবে। আমরা মনে করি, নকল পণ্য নিয়ন্ত্রণে বাজারে কঠোর নজরদারি জরুরি। ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালাতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নকল পণ্যের কারখানা ধ্বংস করতে হবে। পাশাপাশি ক্রেতাসাধারণের সচেতন ভূমিকাই পারে নকলের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে।
