খেলাধুলা

হাসিমুখে বাংলায় সালাম : মাঠেই জবাব দিতে চান মারে

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ বিকেলের রোদ তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাসে ঘাম ঝরাচ্ছেন ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমারা। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতির নতুন অধ্যায়। এতদিন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছে নারী ফুটবল দল। রোববার জাতীয় স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টায় মাঠে নামে দল। সন্ধ্যা ৬টা পর্যন্ত যতক্ষণ আলো ছিল, ততক্ষণ চলে ঘাম ঝরানো অনুশীলন। অনুশীলন শেষে একে একে ড্রেসিংরুমের পথ ধরেন ফুটবলাররা। কিন্তু সব কাজ গুছিয়ে সবার শেষে মাঠ ছাড়েন নতুন কোচ এরিক মারে। গত ৯ নভেম্বর নারী দলের দায়িত্ব নেওয়ার পর থেকে নিজেকে আড়ালেই রেখেছেন এই ফরাসি কোচ। আপাতত গণমাধ্যমের সামনে বড় কোনো প্রতিশ্রুতি বা বিশ্লেষণে যেতে নারাজ তিনি। মাঠ ছাড়ার মুহূর্তে মারের সঙ্গে কথা বলতে গেলে এক অন্যরকম চমক দিলেন তিনি। ক্লান্তির ছাপ নেই, বরং মুখে চওড়া হাসি নিয়ে বাংলায় সালাম বিনিময় করলেন নতুন কোচ। সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে মারে বলে ওঠেন, ‘আসসালামুয়ালাইকুম, কেমন আছেন ভালো? আলহামদুলিল্লাহ?’ পাল্টা জানতে চাওয়া হয় তিনি নিজে কেমন আছেন। এবারও সেই হাসিমুখ আর আন্তরিক সুরে মারের জবাব, ‘ভালো ভালো, আলহামদুলিল্লাহ।’ এরপরই আসে আসল প্রসঙ্গ। দলের অনুশীলন ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন। কিন্তু এখানেই থেমে গেলেন মারে। খুব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানালেন, এখনই কোনো কথা বলতে চান না তিনি। আপাতত পুরো মনোযোগ রাখতে চান অনুশীলন আর দল গোছানোর কাজে। মারের ভাষায়, ‘এখন কিছু বলতে চাচ্ছি না। আমি এখন দল নিয়ে, অনুশীলন নিয়েই থাকতে চাই। ভালো কিছু করে তারপর বিস্তারিত কথা হবে।’ কথা শেষ করে ধীরে ধীরে ড্রেসিংরুমের দিকে পা বাড়ান মারে। সিঙ্গাপুর সফরের আগে হাতে সময় খুব বেশি নেই। তাই কথার ফুলঝুরি নয়, বরং মাঠে কাজ করেই নিজের ছাপ রাখতে চাইছেন ফরাসি এই কোচ। ঋতুপর্ণা-রূপনাদের নিয়ে সেই নীরব প্রস্তুতিতে এখন অপেক্ষা কেবল মাঠের পরীক্ষার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button