তৈরি পোশাক খাতে ক্ষয়ক্ষতি : প্রয়োজন স্থায়ী সমাধান

সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাত গভীর সংকটের মুখোমুখি। মাত্র ১৮ দিনের অস্থিরতার কারণে এই খাতে উৎপাদন ক্ষতি হয়েছে প্রায় ৪৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি), যা দেশের অর্থনীতির জন্য বড় অশনিসংকেত। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরিপের বরাত দিয়ে বলা হয়, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ৩১৭টি সদস্য কারখানারই উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (এফওবি মূল্যমান)। এই সময়ে ক্রেতারা পাঁচ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। রয়েছে অন্যান্য ক্ষয়ক্ষতিও। বলা হয়েছে, এই আর্থিক ক্ষতি প্রকৃত পরিস্থিতির খ-চিত্র মাত্র। বিজিএমইএর ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ছয় শরও বেশি, তবে স্বল্প সময়ের জরুরি জরিপে ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। আবার ১৮ নভেম্বরের পরও শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতি আরো অনেক বাড়বে। আরো বড় কথা হলো, এই ক্ষয়ক্ষতি শুধু তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যেই সীমাবদ্ধ নয়, সামনের দিনে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানোর শঙ্কা তৈরি হয়েছে। এ রকম চলতে থাকলে দেশের প্রধান রপ্তানি খাতটি ধ্বংস হতে বেশিদিন লাগবে না। বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতার এই যুগে সময়মতো পণ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘন ঘন উৎপাদন ব্যাহত হলে বিদেশি ক্রেতারা বিকল্প বাজার হিসেবে ভিয়েতনাম, ভারত কিংবা কম্বোডিয়ার দিকে ঝুঁকে পড়বেন, যা একবার হাতছাড়া হলে ফিরিয়ে আনা অনেক কঠিন হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক, কিন্তু সাম্প্রতিক সময়ে এটিও আলোচনায় এসেছে যে এই খাতে অস্থিরতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। দেখা গেছে, স্বল্প সময়ের মধ্যে দেশের শিল্পাঞ্চলগুলোতে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, জ্বালাও-পোড়াও হয়েছে। কাজেই তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে পরিশেষে এটিই মানতে হবে, নৈরাজ্যের ফলে মালিক-শ্রমিক কোনো পক্ষের লাভ নেইÑবরং সবার ক্ষতি, দেশের ক্ষতি। এই অবস্থায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে ঢাকা বিভাগের শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহারের প্রস্তাব দিয়েছে। মজুরি বোর্ড এরই মধ্যে কাজ শুরু করেছে। আমরা মনে করি, মালিক, শ্রমিক ও সরকারÑসব পক্ষের আলোচনার ভিত্তিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা প্রয়োজন। তৈরি পোশাক খাতের বিপুল ক্ষতি কাটাতে হলে শিল্পাঞ্চলে স্থায়ী সমাধানের বিকল্প নেই।
