পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

প্রবাহ রিপোর্ট ঃ জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সানায়া আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী। গেল ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিশা। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। মামলার বিষয়ে তানজিন তিশা জানান, এ বিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন। বিষয়টি নিশ্চিত করে তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, গত ৪ নভেম্বর সানায়া আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী। জানা গেছে, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সানায়া আনাম ওয়াফিকাহকে। দ্বিতীয় আসামি ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী। এদিকে, হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন সানায়া আনাম ওয়াফিকাহ। আগামী ১৪ ডিসেম্বর এ আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। তবে ওই দিন আবেদনের শুনানি হয়নি।



