সম্পাদকীয়

শিশুদের খাবারে বৈচিত্র্যহীনতা : সচেতন প্রয়াস কাম

দুই বছরের কম বয়সী প্রায় ৬৫ শতাংশ শিশুর দৈনন্দিন খাবারে বৈচিত্র্যহীনতার তথ্য আমাদের জনস্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নের জন্য সতর্কবার্তা। দুই বছর পর্যন্ত সময়কাল শিশুদের শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে খাবারে বৈচিত্র্য না থাকা সামগ্রিকভাবে পুষ্টিঘাটতির বিষয়টিই সামনে আনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের বরাত দিয়ে জানা যায়, দেশের ছয় থেকে ২৩ মাস বয়সী প্রায় ৬৫ শতাংশ শিশু প্রয়োজনীয় বৈচিত্র্যময় খাবার পাচ্ছে না। এসব শিশুর খাদ্যতালিকায় অপরিহার্য আটটি খাদ্যগোষ্ঠীর মধ্যে অন্তত পাঁচটিই অনুপস্থিত। সংস্থাটির ‘প্রোগ্রেস ইন দ্য পাথওয়ে : বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০২৫Ñডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এতে দেশের ৬৪ জেলার বিভিন্ন সামাজিক ও মানব উন্নয়ন সূচকের অবস্থা তুলে ধরা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। জেলাটিতে এই হার ৭৯.০৩ শতাংশ। এরপর সিলেটে ৭৮.০১, যশোরে ৭৭.০১, বান্দরবানে ৭৬.৮৫, শেরপুরে ৭৬.৪৪ এবং জামালপুরে ৭৫.৪৩ শতাংশ। অর্থাৎ এসব জেলার প্রায় প্রতি চার শিশুর মধ্যে তিনজন পর্যাপ্ত বৈচিত্র্যময় খাবার পাচ্ছে না। অন্যদিকে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে গাজীপুর। জেলাটিতে শিশুর খাদ্য দারিদ্র্েযর হার ৪৭.৩৮ শতাংশ। খবরে বলা হয়েছে, এই সূচকে আগের ২৪ ঘণ্টায় একটি শিশু আটটি নির্ধারিত খাদ্যগোষ্ঠীর মধ্যে কতটি থেকে খাবার পেয়েছে, তা বিবেচনায় নেওয়া হয়। চারটি বা তার কম খাদ্যগোষ্ঠী থেকে খাবার পাওয়া শিশুদের খাদ্য দারিদ্র্েযর আওতায় ধরা হয়েছে। এ কারণে এই হারকে সরাসরি আয়ভিত্তিক দরিদ্র হিসেবে দেখার সুযোগ নেই, কিন্তু এই তথ্যে দেশের শিশুদের সুষম খাদ্য গ্রহণের সার্বিক চিত্র উঠে এসেছে। জানা যায়, বিশ্বব্যাপী সুষম খাদ্যসংকটের শিকার শিশুদের মোট সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের বাস ২০টি দেশেÑবাংলাদেশ তার একটি। অনেক শিশুর ক্ষেত্রে এর পরিণাম গোটাজীবন বয়ে বেড়াতে হয়। শৈশবে সমন্বিত পুষ্টি থেকে বঞ্চিত শিশুরা সাধারণত পড়ালেখায়ও পিছিয়ে থাকে। এর প্রভাব পড়ে কর্মজীবনেও। কর্মজীবনে কম উপার্জনের কারণে দারিদ্র্য চক্র থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। আমাদের দেশে শিশুদের সুষম খাবার গ্রহণের বেলায় নানা প্রতিবন্ধকতা দেখা যায়। পরিবারের আর্থিক সংকট যেমন আছে, তেমনি মা-বাবার সচেতনতার অভাবও রয়েছে। এ ছাড়া বাজারে প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি মিশ্রিত কোমল পানীয়ের ব্যাপক বিপণন শিশুদের খাদ্যাভ্যাসে নেতিবাচক প্রভাব ফেলে। বিবিএসের জরিপটির উল্লেখযোগ্য দিক হলো, এর মধ্য দিয়ে গোটা দেশের সমন্বিত পুষ্টিচিত্র তুলে ধরা হয়েছে। এ কারণে কোন জেলায় কেমন পরিস্থিতি, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া যাবে। বিশেষ করে যেসব জেলায় এই হার ৭৫ শতাংশের বেশি, সেসব এলাকায় শিশুদের খাদ্যাভ্যাস ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। শিশুদের খাদ্যতালিকায় সমন্বিত পুষ্টি বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন শিশুর অভিভাবক। পরিবারের মা-বাবাই শিশুর মুখে খাবার তুলে দেন। কাজেই তাঁদের সমন্বিত পুষ্টি সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়। পাশাপাশি যেসব জেলায় শিশুর খাবারে মাত্রাতিরিক্ত পুষ্টিঘাটতি দেখা গেছে, সেখানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button