স্থানীয় সংবাদ

বাগেরহাটের ফকিরহাটে বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ঘটনায় ৩ জন গ্রেফতার

# পুলিশ সুপারের প্রেস ব্রিফিং #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাট সদরের বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে শরীকুল ইসলাম শামীম (২৩), খুলনা লবনচরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাহফুজুল নবী (৩১) ও বাগেরহাট সদরের বারাশিয়া হাল সাং ফকিরহাট মুলঘর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে মেহেদী হাসান রাসেল (২৬)। এদের গ্রেফতার বিষয়ে পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার বলেন, গত ১৮ নভেম্বর-২০২৬ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ফকিরহাট উপজেলা সদরের বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত এসএম আমির হামজা সাতিলের দ্বিতীয় তলা বসতবাড়ি লক্ষ্য করে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার একটি টিম তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত করার পর খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেফতারকৃত ৩ জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেসব্রিফিংএ জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button