নতুন পরিচয়ে আসছেন বুবলী

প্রবাহ রিপোর্ট ঃ ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী এবার নতুন পরিচয়ে সিনেমাপ্রেমী দর্শকদের সামনে হাজির হচ্ছেন। তিনি অভিনয়ের পাশাপাশি প্লেব্যাকশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় গান গাইবেন এ অভিনেত্রী। নির্মাতা জানান, গান গাওয়ার বিষয়ে বুবলীর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তিনি। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বর মাসে করার পরিকল্পনা রয়েছে তার। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাটি মূলত পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতি কেন্দ্র করে নির্মিত হচ্ছে। সেখানে প্রেমের গল্পের মধ্য দিয়ে সিনেমাটিতে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য ও জীবনযাপন। এতে শবনম বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এ জুটির এটি চতুর্থ সিনেমা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে গত জানুয়ারিতে। সেই অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন এ অভিনেত্রী। জাহিদ হোসেন বলেন, ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাটিতে বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। সেই শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর ভালো লাগায় তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন তিনি। এর পাশাপাশি অভিনেত্রীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও রয়েছে নির্মাতার। এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে গান গেয়ে নিজেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন শবনম বুবলী। এবার প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন অভিনেত্রী। এদিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করলেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন থেকে নির্মিত হয়েছে ‘ঠিকানা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সেই সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে।



