জিততে চাইলে ৫০ ওভার ব্যাটিং করতেই হবে : শান্ত

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের ক্ষত ভুলে এবার ওয়ানডেতে নতুন শুরুর অপেক্ষায় লিটন দাসের দল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে বাংলাদেশের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৫০ ওভার ব্যাটিং করার সামর্থ্য। সাম্প্রতিক ওয়ানডেগুলোতে ব্যাটিং বিপর্যয়ে বারবার ইনিংস শেষ হয়েছে নির্ধারিত ওভারের অনেক আগেই। পরিসংখ্যানও সেই উদ্বেগের কথাই বলছে। বাংলাদেশের সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই অলআউট হয়েছে দল। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৪১.২ ওভারে ১৬০ রানে গুটিয়ে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩.৪ ওভারে ১৭২ রানেই শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। একই দলের বিপক্ষে সিরিজের আরেক ম্যাচে ৪৮.১ ওভারে ২৩৪ রান করলেও একটি ম্যাচে মাত্র ৩৩.১ ওভার ব্যাটিং করে ১১৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। এই পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতেই পুরো ইনিংস খেলার আগেই জয় নিশ্চিত করে দল। রান তাড়া করতে নেমে ৩৬ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। শুধু রান তোলার ঘাটতি নয়, উইকেটে টিকে থাকার সমস্যাও বাংলাদেশের ব্যাটিংয়ে স্পষ্ট। ওয়ানডে ক্রিকেটে ৫০ ওভার ব্যাটিং করার মতো ভিত তৈরি করতে না পারলে বড় সংগ্রহ গড়া কিংবা প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করা কঠিন। দক্ষিণ আফ্রিকার মতো পেসনির্ভর দলের বিপক্ষে সেই চ্যালেঞ্জ আরও বড়। বিশেষ করে তাদের কন্ডিশনে নতুন বলের সুইং, গতি ও বাউন্স সামলে ইনিংসের ভিত গড়তে হবে বাংলাদেশের ব্যাটারদের। ৫০ ওভার ব্যাটিং করতে না পারার বিষয়টি যে দলের আলোচনায় আছে, সেটিও জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আর ৫০ ওভার ব্যাটিং করতে না পারার যে বিষয়টি বললেন, এটা নিয়ে অবশ্যই আমাদের আলোচনা হয়। তবে ভালো খেলতে চাইলে, জিততে চাইলে ৫০ ওভার ব্যাটিং করতেই হবে।’ এদিকে বাঁহাতি স্পিনার নিয়েও কথা উঠেছে।ওয়ানডে দলে বাঁহাতি স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম। শান্তর মতে, দলে মানসম্পন্ন বাঁহাতি স্পিনার আছেন তাইজুল। তবে কন্ডিশন বিবেচনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে রাখা হয়নি। যদিও সাম্প্রতিক সময়ে বল হাতে খুব একটা ছন্দে নেই তাইজুল। ফলে ওয়ানডেতে ফেরার আগে নিজের পারফরম্যান্স দিয়েও নির্বাচকদের আস্থা অর্জন করতে হবে তাকে। তাইজুলকে নিয়ে শান্ত বলেন, ‘আমাদের দলে ভালো ও মানসম্পন্ন বাঁহাতি স্পিনার আগে থেকেই আছেন, তিনি তাইজুল ভাই। কন্ডিশনের কারণে তাঁকে আমরা একাদশে নিতে পারিনি। আবার যখন এ ধরনের সুযোগ আসবে, ইনশাআল্লাহ তাইজুল ভাই একাদশে থাকবেন।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ব্যাটিংয়ের ধারাবাহিকতা। এই সিরিজকে শুধু টেস্টের ব্যর্থতা ভুলে যাওয়ার সুযোগ হিসেবে দেখার অবকাশ নেই। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ফলে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই তিন ম্যাচ বাংলাদেশের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও গুরুত্বপূর্ণ সুযোগ। ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন দাস। আফগানিস্তান সিরিজে চোটের কারণে খেলতে না পারা লিটনের ফেরার পাশাপাশি দলে ফিরেছেন ইয়াসির আলী ও খালেদ আহমেদ। দুজনই ২০২৩ সালের পর আবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ৪ ডিসেম্বর গকেবেরহায় দ্বিতীয় ম্যাচ। ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা। এখন টেস্টের ব্যর্থতা পেছনে ফেলে ওয়ানডেতে ভালো শুরুর পাশাপাশি পুরো ৫০ ওভার ব্যাটিং করার সামর্থ্য দেখাতে হবে বাংলাদেশকে।



