জাতীয় সংবাদ

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না

হেফাজতের হুঁশিয়ারি

প্রবাহ রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’ করার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না; বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের আঘাত এলে তার পাল্টা জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতাকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সে কারণে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে বলে তারা মনে করেন। বাংলাদেশের জনগণ এসব হুমকির পরোয়া করে না।
হেফাজত নেতারা বলেন, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়—এই বাস্তবতা ভারতকে বুঝতে হবে। ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে ভারত। আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও ইসলামপন্থিদের নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকা- থেকে শুরু করে আবরার ফাহাদ ও ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তারা ভারতের ভূমিকার সমালোচনা করেন।
বিবৃতিতে আরো বলা হয়, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। ২০২৪ সালের জুলাইয়ে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে তার পাল্টা প্রতিক্রিয়া হতে পারে। জুলাইয়ের ছাত্র-জনতা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা দেখিয়েছে। এ লড়াইয়ে সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোও বাংলাদেশের পাশে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের জনগণ কোনো ধরনের আধিপত্যবাদী হুমকির কাছে মাথানত করবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button