ডিভোর্স নয়, আলাদা থাকছেন ন্যান্সি

প্রবাহ রিপোর্ট ঃ সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও গীতিকার মহসীন মেহেদীর দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে স্বামীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানানোর পর তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ন্যান্সি স্পষ্ট করেছেন, তাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে মহসীন মেহেদীর সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্তের কথা জানান এ গায়িকা। সেখানে তিনি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’ ন্যান্সির এই স্ট্যাটাস প্রকাশ্যে আসার পরপরই শোবিজ অঙ্গনে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই নিজের ফেসবুক থেকে স্ট্যাটাসটি সরিয়ে নেন তিনি। পরবর্তী সময়ে তার ব্যক্তিগত অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট দেখা যায়। এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী। তিনি জানান, ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে নেওয়া এবং অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পেছনে কারণ রয়েছে। ন্যান্সি বলেন, ‘ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, তার অবশ্যই কারণ রয়েছে।’ স্ট্যাটাসের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হওয়ায় সেটি সরিয়ে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি ফেসবুক স্ট্যাটাসে “আমাদের আলাদা” হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি, যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।’ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কারণও ব্যাখ্যা করেছেন ন্যান্সি। তার ভাষ্য, স্ট্যাটাস মুছে ফেলার পরও কিছু মানুষ বিষয়টি নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করছিলেন। বিভ্রান্তি ও নেতিবাচক আলোচনা এড়াতেই শেষ পর্যন্ত নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নেন তিনি। দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসীন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’ উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি।



