জাতীয় সংবাদ

জাজিরায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ-গুলিবর্ষণ : নিহত ২

গোপালগঞ্জে প্রকাশ্যে রামদা নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের মিছিল

প্রবাহ রিপোর্ট ঃ পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নিহত দুজন হলেন শরীয়তপুরের জাজিরা এলাকার ইব্রাহিম সিপাই এবং মাদারীপুরের শিবচর উপজেলার নিজাম মৃধা (৪৫)। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে।
নিহত নিজাম মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীর কান্দি এলাকার দাদন মৃধার ছেলে। সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
এর আগে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাই নামে আরেকজন নিহত হন। শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সেখানে অবস্থান করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। দুই পক্ষের মধ্যে বাধা দেওয়া ও পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলি ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।
সংঘর্ষ ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তিকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। একের পর এক ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এর আগে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তখন তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানিয়েছিলেন, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘœ ঘটতে পারে এমন খবর পেয়ে পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গোপালগঞ্জে রামদা ও লগি-বৈঠা নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের মিছিল : কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে প্রকাশ্যে রামদা ও লগি-বৈঠা নিয়ে মিছিল ও শোডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) মোড়ে অবস্থান নিয়ে তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, দিনের আলোয় গোপালগঞ্জ শহরের একটি সেতু পার হয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন ও মিছিল নিয়ে এগিয়ে আসছেন। মিছিলে অংশগ্রহণকারী অনেকের হাতে রামদা, চাপাতি ও লম্বা ছোরার মতো দেশীয় ধারালো অস্ত্র এবং লগি-বৈঠা ও কাঠের লাঠিসোঁটা দেখা যায়। মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে কয়েকজন নারীকেও অবস্থান নিতে দেখা গেছে। স্লোগান দিতে দিতে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মিছিলকারীরা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) মোড়ে লগি-বৈঠা ও ধারালো অস্ত্রসহ অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
খবর পেয়ে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খানের নেতৃত্বে বিজিবির একটি যৌথ টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিয়ে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই অবস্থানকারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও আলোচনার মাধ্যমে তাদের সরিয়ে দেন এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকা ও পুরো জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ ধরনের টহল ও তৎপরতা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button