নগরীতে গ্রামীণ ব্যাংক ও ল্যাটেক্স প্লান্টসহ চার স্থানে নাশকতা : পেট্রোল বোমা ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার ঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে খুলনায় এক রাতেই চার স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে নগরীর শিরোমনি এলাকায় গ্রামীণ ব্যাংক ভবন ও খুলনা এসেনশিয়াল ল্যাটেক্স প্লান্টে পেট্রোল বোমা নিক্ষেপ, জোড়াগেট এলাকায় ওয়াসা ভবনের প্রবেশগেটে অগ্নিসংযোগ এবং সাচিবুনিয়া এলাকায় মোংলা-বেনাপোল রেললাইনে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে রেললাইন ও ওয়াসা ভবনে অগ্নিসংযোগের বিষয়ে ঘটনাস্থলে কোনো আলামত পায়নি পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ভবনের কাচ ভেঙে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই এলাকায় খুলনা এসেনশিয়াল ল্যাটেক্স প্লান্টের সীমানাপ্রাচীর লক্ষ্য করেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৩টার দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের কাচ ভেঙে গেছে।
অন্যদিকে, নগরীর জোড়াগেট এলাকায় খুলনা ওয়াসা ভবনের প্রবেশগেটে ভোর ৪টা ৪০ মিনিট থেকে ৫০ মিনিটের মধ্যে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এতে গেটের তেমন ক্ষয়ক্ষতি না হলেও কালো দাগের সৃষ্টি হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আহমেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াসা ভবনের গেটে আগুন দেওয়ার একটি ভিডিও দেখে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে অগ্নিসংযোগের কোনো আলামত পাওয়া যায়নি। ওয়াসা কর্তৃপক্ষের কাছ থেকেও এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে, নগরীর সাচিবুনিয়া এলাকায় মোংলা-বেনাপোল রেললাইনে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে আগুন দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
লবণচরা থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, রেললাইনে আগুন দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে অগ্নিসংযোগের কোনো আলামত পাওয়া যায়নি।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকা-ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।



