জাতীয় সংবাদ

শাহজালালে ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি : দ্রুত নামানো হলো যাত্রী

প্রবাহ রিপোর্ট ঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ সময় জেদ্দাগামী প্লেনটিতে থাকা ৪২০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। রোববার (২৯ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৪২০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাইলট প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি বা অস্বাভাবিকতা বুঝতে পেরে দ্রুত বিমানটি থামিয়ে দেন। পরে উড়োজাহাজের ভেতরে থাকা সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের একটি সূত্র জানায়, উড়োজাহাজটির একটি চাকা অতিরিক্ত গরম হয়ে যায় এবং সেখান থেকে ধোঁয়া নির্গত হতে দেখা গেছে। তবে প্রকৃতপক্ষে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছিল, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পরপরই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটার টিম ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে। এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করে। ইন্সট্রুমেন্ট ইন্ডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সাথে সাথেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়, এটা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা। বিবৃতিতে বলা হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। এয়ারক্রাফটটি সব প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়াতে নিয়ে এসে যাত্রীদের এয়ারক্রাফট থেকে দ্রুত নামানো হয়। সব যাত্রীরা নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি এয়ারক্রাফট ঐ ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন বলেও বিবৃতি জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button