ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয়ে ‘শেখ হাসিনার মা’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রবাহ রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবির পরিচয়ে অসংগতি পাওয়া গেছে। ছবিতে থাকা ব্যানারে প্রয়াত প্রধানমন্ত্রীর পরিচয়ে ‘শেখ মুজিবের সহধর্মিণী’ ও ‘শেখ হাসিনার মা’ লেখা হয়েছে। এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ উল্লেখ করে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজনকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এ ছাড়া জনসংযোগ দপ্তরের আরও তিন কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে একটি ‘অনাকাঙ্ক্ষিত’ ভুল কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি জানার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম। দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ঘটনায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগও বাতিল করা হয়েছে।
এ ছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৭ সালের ক্যালেন্ডারের উৎপাদন ও মুদ্রণের সব কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলোও প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।
ক্যালেন্ডারে কীভাবে এবং কার অবহেলায় এ ধরনের ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনে পরবর্তী সময়ে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহধর্মীনী এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার পরিচয়ে এমন ভুলে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদের মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।



