জাতীয় সংবাদ

খোঁজা হবে সেরা মুয়াজ্জিন

শুরু হচ্ছে আযান অলিম্পিয়াড

প্রবাহ রিপোর্ট : যোগ্য মুয়াজ্জিন নির্বাচন, আজানের সুমধুর ধ্বনি ছড়িয়ে দেওয়া এবং দেশের মসজিদগুলোতে তাদের খেদমতের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘বিআরবি আজান অলিম্পিয়াড ২০২৭’ সিজন-২। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবানদের মধ্য থেকে সেরা আজানদাতা বেছে নেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে দেশের প্রথম আজানভিত্তিক রিয়েলিটি শো ‘বিআরবি আজান অলিম্পিয়াড ২০২৭, সিজন-২’-এর উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ব্যাংকার মাহবুব মোর্শেদ, হাফেজ বেলাল হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ক্বারী মোহাম্মদ হাবিবুর রহমান মিশকাত, মিডিয়া ব্যক্তিত্ব শায়খ ক্বারী সরোয়ার হোসেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী আবুজর গিফারী এবং হাফেজ ক্বারী মুশফিকুর রহমান।
বক্তারা বলেন, আজান অলিম্পিয়াড একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ। সারাদেশে বিভিন্ন অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছাই করে সেরা আজানদাতা নির্বাচন করা হবে। পাশাপাশি নির্বাচিত মুয়াজ্জিনদের দেশের বিভিন্ন প্রসিদ্ধ মসজিদে খেদমতের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে; সংশ্লিষ্ট মসজিদ কমিটির আবেদনের ভিত্তিতে আজান দেওয়া ও অন্যান্য খেদমতের এই ব্যবস্থা করা হবে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান এবং পবিত্র মাহে রমজানে প্রতিদিন বিকেল ৩টায় এটি সম্প্রচার করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button