সম্পাদকীয়

সোশ্যাল মিডিয়ায় বন্য প্রাণী বেচাকেনা : আইনানুগ পদক্ষেপ নিন

দেশের হাটবাজারে কড়াকড়ি থাকায় সোশ্যাল মিডিয়ায় বন্য প্রাণীর অবাধ বেচাকেনা চলছে। আইনত নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। এমনিতেই পরিবেশগত কারণে বহু প্রজাতির অস্তিত্ব আজ বিপন্ন। আমাদের পরিচিত কত প্রাণী, পাখি এখন আর দেখা যায় না। এমন পরিস্থিতিতে বন্য প্রাণীর বেচাকেনা অনেক প্রজাতিকে আরো বিপন্ন করে তুলবেÑএ কথা বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের ৭ জানুয়ারি দেশের জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সুরক্ষায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ জারি করে সরকার। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম, হাটবাজার বা অন্য কোনো অনলাইন/অফলাইন মাধ্যমে বন্য প্রাণী বেচাকেনা নিষিদ্ধ করা হয়। অথচ ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপতৎপরতা চলছে। ‘পাখি পালন’, ‘পাখি ঘর’, ‘শালিক পাখি লালন পালন’, ‘রাগী পাখি’, ‘পাখি ক্রয় বিক্রয়’ নামের নানা পেজ বা গ্রুপের মাধ্যমে একটি চক্র বেশ সক্রিয়। বিভিন্ন দেশে পাচারও করা হয়। আর বন্য প্রাণীর অবৈধ বাজার অন্তত কয়েক শ কোটি টাকার। বন্য প্রাণী বেচাকেনা বন্ধে নিরাপত্তা বাহিনী নানা সময় অভিযান পরিচালনা করে থাকে। ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত দেশে মোট আট হাজার ১৫৪টি বন্য প্রাণী জব্দ করা হয়। এর মধ্যে ৯২টি স্তন্যপায়ী প্রাণী, চার হাজার ৫০৮টি পাখি এবং তিন হাজার ৫৫৪টি সরীসৃপ জব্দ করা হয়। খবরে ইব্রাহিম নামে একজনের কথা বলা হয়েছে, যিনি ২০১২ সাল থেকে বন্য প্রাণী বেচাকেনা করেন। তাঁর অনলাইন পেজও রয়েছে। এই অপরাধে বেশ কয়েকবার তিনি জেলেও গেছেন। কিন্তু জেল থেকে বের হয়ে আবার এই কাজ শুরু করেছেন। বাংলাদেশ বন বিভাগের তথ্য বলছে, দেশের ৭৩৬টি প্রজাতির পাখির মধ্যে ৪৭টি, ১৫৮টি সরীসৃপ প্রজাতির মধ্যে ৬৩টি, ৪২টি উভচর প্রজাতির মধ্যে আটটি এবং ১২৪টি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ৪৩টির অস্তিত্ব বর্তমানে হুমকির মুখে রয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড বলছে, ১৯৭০ সাল থেকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত দুই-তৃতীয়াংশ বন্য প্রাণীর সংখ্যা কমেছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে ৩১ প্রজাতির প্রাণী। আমরা মনে করি, বন্য প্রাণী বেচাকেনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অনলাইনে বিক্রি বন্ধে প্রযুক্তির সহায়তা নিয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button