সম্পাদকীয়

শিশু-কিশোরদের পাপরাজ্য : এ অবক্ষয় দূর করা জরুরি

দেশের শিশু-কিশোরদের জীবন এখন কেমন? এ প্রশ্নের উত্তর উদ্বেগজনক। তাদের একটা বড় অংশ বিপথগামী হয়ে পড়েছে। অনেকে এতটাই বিপথগামী যে, তারা হত্যা মামলার আসামি হয়ে কারাভ্যন্তরে দিন কাটাচ্ছে। হাজারো কিশোর আজ পা রেখেছে অপরাধজগতে। অভিভাবকের নজরদারির বাইরে থাকতে থাকতে তারা এখন অপরাধী। দারিদ্র্য, অসৎ সঙ্গ ও নানাবিধ কারণে তারা হয়ে পড়েছে সমাজবিচ্ছিন্ন অপরাধজগতের বাসিন্দা। পড়াশোনায় মন ছিল না, ঘুরে বেড়িয়েছে পাড়ায় বখাটেদের সঙ্গে, এরপর অংশ নিয়েছে মারামারিতে। হাত পাকিয়ে তাদের অনেকেই হয়েছে খুনি। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে, অপরাধে জড়ানো শিশু-কিশোরদের ৩৩ শতাংশই হত্যা মামলার আসামি। তারা অপরাধ ঘটিয়েছে সংঘবদ্ধভাবে। কখনো হত্যা করেছে, কখনো ধর্ষণ অথবা ধর্ষণে সহায়তা, কখনো বা চুরি-ডাকাতি। এভাবেই গড়ে উঠেছে গ্যাং কালচার, বিস্তৃত হয়েছে মাদকের রাজ্য। চাঁদাবাজি, ছিনতাই হয়ে পড়েছে নিত্যদিনের ঘটনা। গ্যাং সদস্যদের অনেকেই লাঠি, ছুরি তো বটেই, ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী? গ্যাংস্টারিজম অনেক পরিবারে এনেছে মহাদুর্ভাবনা, অভিভাবকদের দুশ্চিন্তার রেখা বড় হচ্ছে দিনদিন। শুধু পরিবারগুলোর শান্তির জন্য নয়, সমাজ ও রাষ্ট্রের সামাজিক স্থিতিশীলতার জন্যও এই অভিশাপ থেকে মুক্ত হতে হবে। প্রাথমিক দায়িত্ব অবশ্যই পরিবার তথা অভিভাবকের। দেখা গেছে, শিশু-কিশোরদের অনেকেই দীর্ঘ সময় বাড়ির বাইরে কাটায়। তাদের ঘরের বাইরে থাকার দৈনিক গড় সময় প্রায় ৮ ঘণ্টা। অভিভাবকরা নিশ্চয়ই এই অনিয়ম খেয়াল করে থাকেন। তারপরও কেন ঘরের বাইরে থাকার অভ্যাস থেকে তাদের ফিরিয়ে আনা হয় না, এটা এক প্রশ্ন বটে। পরিবারগুলোকে এ ব্যাপার কঠোর সিদ্ধান্ত নিতে হবে বৈকি। কিশোর গ্যাংগুলোকে নেতৃত্ব দিচ্ছে প্রকৃতপক্ষে বয়স্ক অপরাধীরা। তাদের চিহ্নিত করে আনতে হবে আইনের আওতায়। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর যথোপযুক্ত দায়িত্ব পালনই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। শিশু-কিশোরদের নৈতিক শিক্ষাদানের বিষয়টিও অতি গুরুত্বপূর্ণ। অনেক কিশোর তাদের পারিবারিক জীবনে শান্তি খুঁজে পায় না। পরিবারের কলহ তাদের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা তৈরি করে। এই বিতৃষ্ণাই তাদের ঠেলে দেয় বিশৃঙ্খল জীবনের দিকে। অর্থাৎ সংকটটা তৈরি হয়েছে বহুবিধ কারণে। শিশু-কিশোরদের সুপথে আনতে হলে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। কারণ আজকের শিশু-কিশোরই জাতির আগামী দিনের ভবিষ্যৎ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button