সম্পাদকীয়

শূন্যপদে নিয়োগ : স্বচ্ছতাই বড় চ্যালেঞ্জ

সীমিত জনবলের কারণে একটি প্রতিষ্ঠান পূর্ণমাত্রায় কাজ করতে পারে না। এর প্রভাব পড়ে নানা দিকে। দেশের বিভিন্ন দপ্তরে যেসব সংকটের কথা বলা হয়, তার মধ্যে শীর্ষে থাকে জনবল সংকটের বিষয়টি। বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। আশার কথা হলো, বর্তমান সরকার এসব শূন্যপদে লোক নিয়োগের পরিকল্পনা নিয়েছে। খবরে বলা হয়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানান, সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এসব নিয়োগের বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগের তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র পাঠানো হয়েছে। তথ্য বলছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২। এর বিপরীতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। অর্থাৎ অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ খালি। জানা যায়, সর্বাধিক শূন্য তৃতীয় শ্রেণির পদ। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি চাকরিতে মোট পাঁচ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য ছিল, যার মধ্যে তৃতীয় শ্রেণির শূন্যপদ রয়েছে এক লাখ ৭৯ হাজার ৫৪২টি। দ্বিতীয় শ্রেণির এক লাখ ২৯ হাজার ২৪৬টি এবং চতুর্থ শ্রেণির এক লাখ ৩৫ হাজার ৩৩৮টি পদ শূন্য। আর প্রথম শ্রেণির ৭৩ হাজার ৩৮০টি এবং অন্যান্য শ্রেণির চার হাজার ৪১৬টি পদ খালি রয়েছে। এদিকে এই বিপুলসংখ্যক শূন্যপদে লোক নিয়োগে বেশ কিছু চ্যালেঞ্জও সামনে এসেছে। অনেক প্রতিষ্ঠানে নিয়োগবিধি হালনাগাদ নেই। কোথাও পদোন্নতিসংক্রান্ত জটিলতা, কোথাও আদালতে মামলা, আবার কোথাও নিয়োগের অনুমোদন ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নিয়োগ আটকে আছে। দেশে লোক নিয়োগে নানা অনিয়মের অভিযোগ থাকে। কেউ টাকার বিনিময়ে, আবার কেউ তদবির করে চাকরি পেয়ে থাকেন। এতে বিভিন্ন পদে অযোগ্য লোক বসেন, আবার অন্যদিকে যোগ্য লোকেরা বেকার ঘুরে বেড়ান। এতে প্রাতিষ্ঠানিক ক্ষতির পাশাপাশি দেশও সামনের দিকে অগ্রসর হতে পারে না। আমরা মনে করি, সরকারি চাকরিতে শূন্যপদে যে নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, তার যথাযথ বাস্তবায়ন হোক। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীর চাকরি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button