সম্পাদকীয়

নিউমোনিয়ায় আক্রান্তদের অক্সিজেনসংকট : প্রয়োজনীয় ব্যবস্থা নিন

শিশুদের নিউমোনিয়া সাধারণ রোগ মনে করা হলেও অনেক সময় এই রোগই শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আক্রান্ত শিশুর রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে পড়ে। এতে মৃত্যুর ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। অথচ সময়মতো অক্সিজেনের মাত্রা শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা করা গেলে অনেক শিশুর জীবন বাঁচানো সম্ভব। দেশে প্রতিবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশু মারা যাচ্ছে। বৈশ্বিক হারের তুলনায় বাংলাদেশে এই রোগে শিশুমৃত্যুর হার বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যুর হার একই জায়গায় স্থির আছে, অর্থাৎ নিউমোনিয়া পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে গতকাল পালিত হয়েছে বিশ্ব নিউমোনিয়া দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য বেশ তাৎপর্যপূর্ণÑ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগ’। টিকাদান, দ্রুত রোগ শনাক্তকরণ, উন্নত চিকিৎসা এবং অক্সিজেনসেবা নিশ্চিত করে নিউমোনিয়াজনিত মৃত্যু কমানোই এবারের মূল লক্ষ্য। চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট গ্লোবাল হেলথে প্রকাশিত গবেষণার তথ্য বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার শ্রেণিবিন্যাস অনুযায়ী নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৩৪.৬ শতাংশের রক্তে অক্সিজেনের ঘাটতি রয়েছে। অর্থাৎ প্রতি তিন শিশুর প্রায় একজন এই ঝুঁকিতে রয়েছে। সাধারণ নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ১৪.৯ শতাংশের রক্তে অক্সিজেনের ঘাটতি থাকে। কিন্তু গুরুতর ক্ষেত্রে এই মাত্রা ৩৬.৪ শতাংশে নেমে আসে। এই অবস্থায় শিশুদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ার অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হাইপোক্সেমিয়া বলা হয়। ২০০৯ সালের একটি গবেষণায় হাসপাতালে ভর্তি নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ১৩ শতাংশের হাইপোক্সেমিয়া পাওয়া যায়। ২০২২ সালের আরেক গবেষণায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৩১ শতাংশের রক্তে অক্সিজেনের ঘাটতি পাওয়া যায়। ২০১৯ সালের বৈশ্বিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, হাইপোক্সেমিয়াসহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সাত মিলিয়নের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। বাংলাদেশে এই চিত্র আরো শোচনীয়। প্রথম দিকে রোগ শনাক্ত করাই হয় না। পরিস্থিতির অবনতি হতে শুরু করলে হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু হয়। আবার সব হাসপাতালে অক্সিজেনসেবা থাকে না। বিশেষ করে জেলা-উপজেলা হাসপাতালগুলোতে সেবার মান অত্যন্ত হতাশাজনক। বেশির ভাগ স্থানে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে রোগী নিয়ে ফিরে যেতে হয়। সাম্প্রতিক সময় নিউমোনিয়া আরো জটিল হয়ে উঠেছে। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম কারণ হলো নিউমোনিয়া। চিকিৎসকরা বলছেন, এমন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা যায় না। রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী অক্সিজেন সরবরাহ জরুরি হয়ে দেখা দেয়। আইসিডিডিআরবির বিজ্ঞানী মোহাম্মদ জোবায়ের চিশতী বলেন, অপুষ্টি, অপরিণত অবস্থায় জন্ম, ঘরের ভেতরের বায়ুদূষণ, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া এবং রক্তে অক্সিজেনের স্বল্পতা সময়মতো শনাক্ত করতে না পারাÑএসব কারণে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ে। তিনি বলেন, নিউমোনিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলো প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। এটি চিকিৎসার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করছে। আমরা মনে করি, দেশের চিকিৎসাব্যবস্থা সময়োপযোগী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। জেলা-উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো দরকার। এ ছাড়া পালস অক্সিমিটার দিয়ে সহজেই শরীরে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা যায়। এ ক্ষেত্রে অভিভাবকমহলের সচেতন ভূমিকা থাকা দরকার। পাশাপাশি পুষ্টির ঘাটতি পূরণ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button