বিপাকে আলু চাষিরা : কার্যকর উদ্যোগ নিন

বছর ঘুরে আবার আসছে নতুন আলু মৌসুম, অথচ এখনো বিপুল পরিমাণ পুরনো আলু হিমাগারে রয়েছে। হিমাগারগেটে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ১০-১১ টাকায়। এই দামে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না; এমনকি হিমাগারভাড়া মেটাতেও অনেক চাষি হিমশিম খাচ্ছেন। এই সংকটের কারণে দিন দিন আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষকরা, যা অদূরভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় সংকট হতে পারে। ভালো দাম পাওয়ার আশায় চাষিরা এত দিন হিমাগার থেকে আলু উত্তোলন করেননি। কিন্তু বর্তমানে দাম আরো কমেছে। এখন লোকসানের ভয়ে চাষিরা হিমাগার থেকে আলু তুলছেন না। দীর্ঘদিন অবিক্রীত পড়ে থাকায় বিপুল পরিমাণ আলু পচতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার এদিকে নতুন মৌসুমের আলু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হিমাগার মালিকরাও। রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, জেলায় ৪২টি হিমাগারের মোট ধারণক্ষমতা চার লাখ ৭০ হাজার মেট্রিক টন। তবে চলতি মৌসুমে এসব হিমাগারে সংরক্ষণ করা হয়েছিল চার লাখ ৮৮ হাজার ৬৩৮ মেট্রিক টন আলু। এর মধ্যে খাওয়ার আলু তিন লাখ ২৪ হাজার ৯৪৮ মেট্রিক টন এবং বীজ আলু এক লাখ ৬৩ হাজার ৬৯০ মেট্রিক টন। অর্থাৎ হিমাগারগুলোর মোট ধারণক্ষমতার চেয়েও বেশি আলু সংরক্ষণ করা হয়েছে। কিন্তু এখনো অনেক হিমাগারে অর্ধেক পরিমাণ আলু অবিক্রীত রয়ে গেছে। হিমাগার কর্তৃপক্ষ চাষিদের বারবার তাগাদা দিয়েও সাড়া মিলছে না। এমন পরিস্থিতিতে গত বছর পীরগাছার হিমাগার কর্তৃপক্ষের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা লোকসান হয়েছিল। এবারও এমন শঙ্কায় রয়েছেন হিমাগার মালিকরা। সাম্প্রতিক সময়ে সার, বীজ, কীটনাশক, তেলÑসবকিছুর দাম বেড়েছে। কৃষকের উৎপাদন খরচও বেড়েছে। কিন্তু কৃষককে যদি বছর বছর লোকসান গুনতে হয়, তাহলে চাষাবাদ করবেন কিসের ভরসায়? অনেক কৃষক ঋণ নিয়ে ফসল ফলান। দিনরাত পরিশ্রম করেন এই আশায়Ñফলন ভালো হলে সুদিন আসবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের কৃষকের সুদিন আসে না। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, গত বছরের তুলনায় এবারও প্রায় ১০ হাজার হেক্টর কম জমিতে আলুর আবাদ হতে পারে। আমরা মনে করি, আলু চাষিদের এই অবর্ণনীয় দুর্দশা থেকে রক্ষা করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষক, হিমাগার কর্তৃপক্ষ ও সরকারের সমন্বয়ে যৌথ পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া বিভিন্ন দেশে আমাদের আলুর ব্যাপক চাহিদা রয়েছে। কাজেই রপ্তানি বাজার সম্প্রসারণ এখন সময়ের দাবি।
