সম্পাদকীয়

সড়ক কেন মারণফাঁদ ?

পিচঢালা পথ যেমন দিয়েছে গতি, তেমনি হয়ে উঠেছে মারণফাঁদ। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। কেউ হাত-পা হারিয়ে চিরতরে পঙ্গু হচ্ছে। ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধনের পর ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত চার বছরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২১৮টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে ১৬৯ জন। আহত হয়েছে ১১২ জন। সারা দেশেই সড়ক-মহাসড়কে সীমাহীন বিশৃঙ্খলা বিরাজ করছে। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকদের অসতর্কতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটির মূল্য সাধারণ মানুষকে চোকাতে হচ্ছে জীবন দিয়ে। খবরে বলা হয়েছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গতি নিয়ন্ত্রণে যে নজরদারি থাকার কথা ছিল, তা নেই। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও আশানুরূপ নয়। এসব কারণে সড়কটিতে দিন দিন দুর্ঘটনা বেড়েই চলছে। সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর পরিসংখ্যান দেখলে রীতিমতো আঁতকে উঠতে হয়। রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সংগঠনটি ২০২০ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনার এই চিত্র তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী বা স্ত্রী নিহত হয়েছেন এমন ঘটনা ঘটেছে ১৯৩টি। বাবা ও সন্তান নিহতের ঘটনা ঘটেছে ১৫৯টি। ১৯৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩৮৬ জন এবং ১৫৯টি দুর্ঘটনায় বাবা বা সন্তান মারা গেছে ৩১৮ জন। মোট ৫২৫টি দুর্ঘটনায় সড়কে ঝরেছে এক হাজার ৭২৮ প্রাণ। সংগঠনটির পর্যবেক্ষণে বলা হয়, মোটরবাইক, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স আরোহী ও বাসযাত্রী হিসেবে একসঙ্গে পুরো পরিবার অথবা এক পরিবারের একাধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে। আমাদের সড়ক দুর্ঘটনার কারণগুলো অজানা নয়, কিন্তু সড়কগুলো নিরাপদ করার জন্য যেসব প্রস্তুতি থাকা দরকার, সেগুলো অনুপস্থিত। আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ নেই। আবার সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা গড়ে ওঠেনি। মোটরসাইকেল আরোহী, অটোচালক থেকে শুরু করে সবাই সড়কে যেন আগে গন্তব্যে পৌঁছার প্রতিযোগিতায় নামে। এসব করেই নিজের জীবন ও অন্যের জীবনে ঝুঁকি ডেকে আনে। আমরা মনে করি, সড়ক যেন মৃত্যুফাঁদ না হয়, তার জন্য নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিষয়টি শুধু সভা-সেমিনার পর্যায়ে থাকলে হবে না, মাঠ পর্যায়ে সবার সচেতন প্রয়াস কাম্য। এক্সপ্রেসওয়েগুলোতে গতি নিয়ন্ত্রণে কড়া নজরদারি জরুরি। এসব কাজে প্রযুক্তির সহায়তা নেওয়া যেতে পারে। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর আরো সক্রিয় হওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button