সম্পাদকীয়

সম্ভাবনাময় সৌরবিদ্যুৎ নিয়ে পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন চাই

দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নেই। কলকারখানা থেকে শুরু করে বাসাবাড়িতে লোডশেডিংয়ের চাপ বাড়ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই চাপ আরো বেশি। অন্যদিকে গ্যাসের সংকটও কাটছে না। আশার কথা হলো, জ্বালানি খাতের এই নাজুক পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। জ্বালানির আমদানিনির্ভরতা কাটিয়ে স্বনির্ভরতা অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে জাতীয় গ্রিডে পাঁচ হাজার মেগাওয়াট নতুন সৌরবিদ্যুৎ যুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা, আমদানি করা জ্বালানির উচ্চমূল্য এবং সাম্প্রতিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি দ্রুত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত বাস্তবায়নে বড় আকারের গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নেট মিটারিং সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন আবেদন দ্রুত নিষ্পত্তি এবং বিদ্যমান প্রক্রিয়ার জটিলতা দূর করার নির্দেশ দেওয়া হয়েছে। নেট মিটারিং সহজ হলে গ্রাহক নিজস্ব ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ থাকবে। এ কারণে বেসরকারি বিনিয়োগ বাড়ার সম্ভাবনাও রয়েছে। সরকারি ভবন, প্রতিষ্ঠান ও অবকাঠামোর অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির ভা-ার ফুরিয়ে আসছে। জ্বালানিক্ষেত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশ্বে যুদ্ধবিগ্রহ লেগেই রয়েছে। অন্যদিকে পরিবেশ বিপর্যয় এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সময়ের প্রয়োজনেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি অনিবার্য হয়ে পড়েছে। কিন্তু আমাদের এখানে এই খাতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। অতিরিক্ত আমদানি শুল্ক এ খাতে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করা হয়। তবে পরিস্থিতি বিবেচনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে, এটিই ইতিবাচক। নানা মহল সরকারের সিদ্ধান্তের প্রশংসা করছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আগামী তিন বছরে পাঁচ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে লক্ষ্য অর্জনে এখনই সুস্পষ্ট ও জবাবদিহিমূলক বাস্তবায়নকাঠামো তৈরি করা প্রয়োজন।’ আমরাও মনে করি, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। জ্বালানি খাতে স্বনির্ভরতা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে সরকারের পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button