তরুণ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। একটি দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি অনেকাংশেই নির্ভর করে তারুণ্যের মেধা, শ্রম ও সৃজনশীলতার ওপর। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, আমাদের বর্তমান তরুণ সমাজের একটি বড় অংশ আজ সর্বনাশা মাদকের মরনাঘাতে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। দেশের প্রতিটি প্রান্তে মাদকের বিস্তার যেভাবে ছড়িয়ে পড়েছে, তা কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই ঘটাচ্ছে না, বরং সমাজ থেকে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতাকেও দূরে ঠেলে দিচ্ছে।
মাদকাসক্তি কেবল কোনো ব্যক্তিগত সমস্যা বা পারিবারিক ট্র্যাজেডি নয়, এটি আজ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ইয়াবা, ফেনসিডিল, হেরোইন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক মাদকের সহজলভ্যতা তরুণদের এক বিরাট অংশকে বিপথগামী করছে। বেকারত্ব, হতাশা, পারিবারিক অসচেতনতা এবং মাদকের সহজ লভ্যতা এই ভয়াবহ পরিস্থিতির জন্য অনেকাংশেই দায়ী। এর ফলে একদিকে যেমন বাড়ছে অপরাধপ্রবণতা, অন্যদিকে তেমনি অকালে ঝরে যাচ্ছে সম্ভাবনাময় বহু তরুণ প্রাণ।
মাদক নির্মূলে আইনপ্রয়োগকারী সংস্থাসমূহের তৎপরতা অতীতেও ছিল, আজও আছে। নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে এবং বহু মাদক ব্যবসায়ী গ্রেপ্তারও হচ্ছে। তবে কেবল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সামাজিক ব্যাধি পুরোপুরি দূর করা সম্ভব নয়। মাদক চোরাচালানের মূল হোতাদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এর চাহিদা ও জোগানÑউভয়কেই সমূলে উৎপাটন করতে হবে।
এই সংকট উত্তরণে আমাদের বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, পরিবার থেকেই সন্তানের প্রতি বিশেষ নজরদারি বাড়াতে হবে এবং তাদের সঠিক নৈতিক শিক্ষায় দীক্ষিত করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে তরুণদের মনন ইতিবাচক কাজে ব্যস্ত থাকে। তৃতীয়ত, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, যা হতাশাগ্রস্ত যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখবে।
সবচেয়ে বড় কথা হলো, মাদকের বিরুদ্ধে কেবল প্রশাসন বা সরকারের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। এর বিরুদ্ধে পাড়া-মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং যুব সংগঠনগুলোকে একযোগে সচেতনতামূলক প্রচারণায় অংশ নিতে হবে।
আমাদের তরুণদের রক্ষা করতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে। তাই সময় এখনইÑসামাজিক ঐক্য গড়ে তুলে দেশকে করাল গ্রাসী মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।
