সম্পাদকীয়

রেলের টিকিট কালোবাজারি : অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ জরুরি

শতভাগ টিকিট অনলাইনে বিক্রি এবং এনআইডি ও ওটিপি বাধ্যতামূলক করার পরও রেলের টিকিট কালোবাজারি বন্ধ না হওয়া উদ্বেগজনক। শুক্রবার যুগান্তরের খবরে প্রকাশ-‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিটি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকায় বাস্তবে এর কোনো সুফল মিলছে না। প্রতিদিন আন্তঃনগর ট্রেনের প্রায় ৬৩ হাজার আসনের বিপরীতে ৮৫ লাখ নিবন্ধিত যাত্রীর তুমুল চাহিদার সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেটগুলো। বট বা অবৈধ ওয়েবসাইটের মাধ্যমে কৃত্রিমভাবে টিকিট ব্লক করা রোধে কর্তৃপক্ষ প্রায় ১২ হাজার সন্দেহভাজন অ্যাকাউন্ট বাতিল করলেও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমেনি। এ প্রযুক্তির ব্যবহার বাড়িয়েও কেবল নজরদারির অভাবে পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। জানা যায়, টিকিট বিক্রির প্রক্রিয়া শতভাগ ডিজিটাল হলেও মাঠপর্যায়ে তা যাচাইয়ের ক্ষেত্রে রেলওয়ের চরম প্রাতিষ্ঠানিক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে রেলে ৬৭ শতাংশ টিটিই সংকট রয়েছে এবং টিকিট যাচাইয়ের পস মেশিনও প্রয়োজনের তুলনায় নামমাত্র। পাশাপাশি আন্তঃনগর ট্রেন থামে এমন ২১৬টি স্টেশনের কোনোটিতেই প্রবেশ ও বহির্গমন পথে শতভাগ নিরাপত্তা বা চেকিং ব্যবস্থা নেই। মূলত এই বিশাল শূন্যতার সুযোগ নিয়েই একজনের নামের টিকিটে অন্যজন অনায়াসে ভ্রমণ করছেন। আমরা মনে করি, স্টেশন গেট ও ট্রেনের ভেতরে যাত্রীর পরিচয়পত্র যাচাইয়ে কঠোরতা না থাকলে কেবল অনলাইন নিবন্ধন দিয়ে কালোবাজারি রোধ করা সম্ভব নয়। পার্শ্ববর্তী দেশ ভারতেও অসংখ্য এজেন্টের মাধ্যমে টিকিট বিক্রি হয়; কিন্তু ভ্রমণের সময় প্রকৃত যাত্রীর পরিচয় কঠোরভাবে যাচাই এবং ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক জেল-জরিমানা নিশ্চিত করায় সেখানে কালোবাজারির সুযোগ থাকে না। দেশে টিকিট কালোবাজারি রোধে কর্তৃপক্ষকে এখনই কঠোর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। এজন্য জরুরিভিত্তিতে টিটিই সংকট নিরসন এবং সব আন্তঃনগর স্টেশনের প্রবেশ ও বাহির পথে পস মেশিনের মাধ্যমে শতভাগ টিকিট ও পরিচয় যাচাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি সফটওয়্যারে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে হবে। কালোবাজারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া, রেলের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও ক্রমবর্ধমান লোকসান কাটিয়ে উঠতে অবকাঠামো সরকারের হাতে রেখে সেবা ও পরিচালনার একটি অংশ দক্ষ ও পেশাদার বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবা জরুরি। পাশাপাশি সাধারণ যাত্রীদেরও সচেতন হতে হবে। সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button