বিনোদন

শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন না অপু বিশ্বাস

প্রবাহ বিনোদন: মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে নির্মাতা সালমান হায়দারের ‘শেখ রাসেলের আর্তনাদ’ চলচ্চিত্রে চলতি বছরের জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। যে কারণে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকেই কাজটি করতে রাজি হন তিনি। সে সময় সংবাদমাধ্যমে অপু বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ তবে মাস ঘুরতে না ঘুরতেই অপু জানান যে, সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। সেটাও নাকি চুক্তি হওয়ার পরের মাস ফেব্রুয়ারিতেই। সম্প্রতি সংবাদমাধ্যমকে অপু জানিয়েছেন, অনেক আগেই পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেন- সিনেমাটি করছেন না তিনি। তবে বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশ হয়নি। এ বিষয়ে এই নায়িকা বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। যদিও বিষয়টি গণমাধ্যমে আসেনি।’ উল্লেখ্য, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button