বিনোদন

আসছে জিনের তৃতীয় কিস্তি

প্রবাহ বিনোদন : গেল কয়েক বছরে তাকে নাটকে প্রায় দেখাই যায় না বলা চলে। সিনেমায় মন দিয়েছেন ছোটপর্দার বড় তারকা সজল। তাই বিরতি দিয়েছেন ছোটপর্দায়। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ও ‘জিন টু’ ছবি দিয়ে বেশ সাড়া জাগিয়েছেন অভিনেতা সজল। দুটি ছবিতেই তার বিপরীতে ছিলেন পূজা চেরী। কিন্তু তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে যাচ্ছে। পূজার পরিবর্তে আসছেন নুসরাত ফারিয়া। এই ছবি দিয়ে প্রথমবারের মতো তিনি বড় পর্দায় জুটি বাঁধবেন সজলের সঙ্গে। জানা গেছে ‘জিন থ্রি’ ছবিটি মুক্তি পাবে আসছে রোজা ঈদে। পরিচালক কামরুজ্জামান রোমান এরইমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন। সজল জানান, চলতি মাসের শুরুতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন তিনি। সেখানেই হয়েছে ছবিটির নির্মাণকাজ। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরে এসেছেন। তার সঙ্গে ফিরেছেন নুসরাত ফারিয়াও। দৃশ্যের শুটিং সব শেষ। কিছু অ্যাকশন ও গানের শুটিং বাকি। সেগুলোও রোজার আগেই শেষ হবে। নির্মাতা রোমান জানান, গানের শুটিং দিয়ে এ সিনেমার শুটিং শেষ হবে। যেহেতু রোজা ঈদেই ছবিটি মুক্তির ইচ্ছে তাই পুরোদমে কাজ চলছে। এর আগে ‘জিন’ ছবিটি মুক্তি পায় ২০২৩ সালে। ‘মোনা: জিন টু’ মুক্তি পায় ২০২৪ সালে। দেশের দর্শকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল ছবি দুটি। সেই রেশ ‘জিন’ সিরিজের তৃতীয় পর্বেও থাকবে দাবি করে সজল বলেন, ‘আগের পর্বগুলোর চেয়ে এবার আরও অনেক বেশি রোমাঞ্চ থাকবে, টুইস্ট থাকবে। অনেক যতœ নিয়ে পরিচালক ছবিটি বানাচ্ছেন। ঈদের ছবি হিসেবে যেন বিনোদনের কমতি না থাকে সেই চেষ্টা আছে। অনেক কষ্ট করে কাজ করছি আমরা। সময়ও যেহেতু কম তাই প্রেশার বেশি নিতে হচ্ছে। আমার বিশ^াস, ছবিটি দর্শকের মন ভরাবে।’ রোমান বলেন, ‘নতুন সিক্যুেয়লটির গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। তবে হরর ঘরানার যে ধরনের সিনেমা দর্শক আশা করেন, তেমন গল্প নিয়ে কাজ করছি। দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করছে, আশা করি তারা হতাশ হবেন না।’ তিনি আরও জানান, ছবিতে সজল ও ফারিয়া দারুণ অভিনয় করেছেন। নতুন জুটি হিসেবে দর্শক তাদের মাঝে ভালোলাগা খুঁজে পাবেন বলেও প্রত্যাশা তার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button