‘বনলতা সেন’ দেখে মুগ্ধতা ছড়ালেন সংগীতশিল্পী কোনাল

প্রবাহ রিপোর্ট ঃ কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ এবার রুপালি পর্দায়। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘বনলতা সেন’ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। রুপালি পর্দায় এ সিনেমাটিকে উপজীব্য করে গল্প বুনেছেন নির্মাতা। সিনেমাটি মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমী দর্শক-সমালোচকদের দারুণ প্রশংসা পাচ্ছেন পরিচালক। এবার সেই তালিকায় শামিল হলেন সময়ের আলোচিত জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। সিনেমাটি দেখে একই সঙ্গে মুগ্ধতা এবং আফসোস প্রকাশ করেছেন এ গায়িকা। ‘বনলতা সেন’ সিনেমা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কোনাল। শনিবার (৬ জুন) ফেসবুক পোস্টে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। গল্পে যেভাবে যিশুখ্রিস্ট ও রবীন্দ্রনাথ ঠাকুরকে সমন্বয় করেছেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন এ সংগীতশিল্পী। এ জন্য মাসুদ হাসান উজ্জ্বলকে ‘জিনিয়াস’ বলেও সম্বোধন করেছেন তিনি। সেই সঙ্গে সিনেমার পুরো টিমকেই সাধুবাদ জানিয়েছেন কোনাল। এবং অনুসারীদের উদ্দেশ্যে বলেছেনÑ ‘বনলতা সেন’ দেশি-বিদেশি সব দর্শকের দেখা উচিত। সেই পোস্টে কোনাল লিখেছেনÑ দেখে এলাম ঈদের সিনেমা ‘বনলতা সেন’। শিল্পপ্রেমীদের জন্য এটি এক রঙিন ক্যানভাসের মতো। এই প্রথম আমার খুব আফসোস হচ্ছেÑ কেন আমি বাংলাদেশে বড় হইনি, কেন আরও বেশি বাংলা সাহিত্য পড়িনি, কেন জীবনানন্দকে আরও ভালো করে এক্সপ্লোর করিনি এতদিন। সিনেমার সংগীত প্রসঙ্গে এ সংগীতশিল্পী আরও বলেন, আবহসংগীত অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। দৃশ্যের সঙ্গে নিবিড়ভাবে মিশে গেছে। ‘এখানে কেউ নেই’ গানটি অদ্ভুত এক বিষণœতা জাগিয়েছে মনে। যেমনটি আগে কখনো শোনা যায়নি। এর জন্য বাপ্পা (বাপ্পা মজুমদার) দাকে কুর্নিশ জানাই। ‘বনলতা সেন’ সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এ ছাড়া আছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল ম-ল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী, গাজী রাকায়েত প্রমুখ।



