বিনোদন

মুখ খুললেন নায়িকা ববি

প্রবাহ রিপোর্ট ঃ প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একাধিক মামলায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে সম্প্রতি রাজধানীর গুলশানের একটি আবাসিক ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, ফ্ল্যাটে অভিযান ও তল্লাশির সময় বাথরুমের দেয়ালের আড়ালে বিশেষভাবে তৈরি একটি গোপন কুঠুরি সদৃশ সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যমে নায়িকা ইয়ামিন হক ববির নাম জড়িয়ে তাকে মামুনের ‘স্ত্রী’ বা ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব তথ্যকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে হাজির হন অভিনেত্রী। সোমবার (২২ জুন) এফডিসিতে উপস্থিত হয়ে গণমাধ্যমের সামনে নিজের অবস্থান পরিষ্কার করে ববি স্পষ্ট ভাষায় জানান, ক্যারিয়ার জীবনে কাজের বাইরে অন্য কোনো ফালতু বিষয় নিয়ে বা সস্তা উপায়ে কখনো ভাইরাল হওয়ার চেষ্টা তিনি করেননি এবং এই ধরনের অনাকাক্সিক্ষত আলোচনা তিনি ভীষণ অপছন্দ করেন। ছড়িয়ে পড়া কিছু ছবির ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে ববি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তার পরিচয় এবং যোগাযোগ ছিল সম্পূর্ণ পেশাদারি। তিনি একজন শিল্পী হিসেবে যখন কোথাও আমন্ত্রিত হন বা কোনো অফিসে যান, তখন সম্মান জানিয়ে তাকে প্রধান চেয়ারে বসতে দেওয়া হয় এবং উপহার দেওয়া হয়। সেই সাধারণ ছবিগুলো ব্যবহার করে এখন ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি মূলত তার অভিনীত একটি চলচ্চিত্রের আংশিক প্রযোজক বা প্রমোশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজের চুক্তি অনুযায়ীই তাদের মধ্যে সাধারণ যোগাযোগ হয়েছিল। এই নায়িকা স্পষ্ট করে বলেন, বাইরে থেকে একজন শিল্পী হিসেবে যতটুকু দেখা যায় তারা সেটুকুই জানেন, কিন্তু ভেতরে ভেতরে একজন মানুষ আসলে বাস্তবে কী বা কেমন, তা আগে থেকে জানা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। নিজেদের হাইলাইট করতে বা স্বার্থ হাসিলে অনেকেই বাইরে ববির সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অপপ্রচার চালায় উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ঘোষণা দেন, যদি কেউ তার সঙ্গে ওই ব্যক্তির কোনো ধরনের আইনি বা বিয়ের সম্পর্কের বৈধ কাগজপত্র বা তথ্যপ্রমাণ দেখাতে পারে, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন। কোনো তথ্যপ্রমাণ ছাড়া শুধু মুখের কথায় বা একটি সাধারণ ছবি দিয়ে এমন মিথ্যা রটানোর কোনো ভিত্তি নেই দাবি করে ববি সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button