বিনোদন

ব্রাজিল সমর্থক পলাশকে আর্জেন্টিনা ভক্তের ব্যতিক্রমী উপহার

প্রবাহ রিপোর্ট ঃ ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা খ্যাত এই অভিনেতা এবার পেলেন এক ব্যতিক্রমী উপহার। তাও আবার একজন আর্জেন্টিনা ভক্তের কাছ থেকে। নিজের ফেসবুকে বিষয়টি প্রকাশ করেন পলাশ নিজেই। সেখানে দেখা যায়, এক ভক্ত তাকে পাঠিয়েছেন কিছু আম। আর প্রতিটি আমেই লাগানো ছিল ব্রাজিলের পতাকার স্টিকার। এই ছোট্ট অথচ ভাবনাপূর্ণ উপহারই মুহূর্তে আলোচনায় চলে আসে। উপহারটি পাঠিয়েছেন নওগাঁর মিশকাত জারির ইসলাম নামে এক তরুণ, যিনি নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। শুধু উপহারই নয়, সঙ্গে একটি চিঠিও যুক্ত ছিল। চিঠিতে তিনি লেখেন, পলাশের অভিনয়, পরিশ্রম এবং স্বাভাবিক ব্যক্তিত্ব তাকে অনুপ্রাণিত করে। বিশেষ করে জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’-র মাধ্যমে তিনি অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলে উল্লেখ করেন ওই ভক্ত। তিনি আরও জানান, ফুটবলে তিনি আর্জেন্টিনা সমর্থন করলেও পলাশের অভিনয়ের কারণে তিনি সবসময় তার দলে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় পলাশ বলেন, এটাই ফুটবলের সৌন্দর্য। যে মানুষটা আমাকে ব্রাজিলের স্টিকার লাগানো আম পাঠিয়েছে, তিনি নিজেই আর্জেন্টিনার ফ্যান। আমার কাজ ভালোবেসে তিনি এটি করেছেন। আসলে দল-মতের ঊর্ধ্বে আমরা সবাই মানুষ- এটাই বড় সত্য। তিনি আরও বলেন, ভক্তের পাঠানো চিঠি তাকে আবেগী করেছে। এটি তার কাজের প্রতি ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে জিয়াউল হক পলাশ ব্যস্ত আছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের কাজ নিয়ে। জানা গেছে, আসন্ন একটি চ্যাপ্টারে ফুটবল ম্যাচের বিশেষ পর্ব থাকবে, যেখানে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথও তুলে ধরা হবে নাটকীয়ভাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button