বিনোদন

দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

প্রবাহ রিপোর্ট ঃ বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল একসঙ্গে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বেশ কিছু জনপ্রিয় গান সিনেমাতেও প্লেব্যাক করেছেন এ তারকা জুটি। মাঝে অনেক দিন বিরতি গেছে, আর প্লেব্যাকে একসঙ্গে পাওয়া যায়নি তাদের কণ্ঠ। দীর্ঘদিন পর আবার দ্বৈত গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও ইমরান। নির্মাতা কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমায় তারা প্লেব্যাক করেছেন। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ Ñএমন শিরোনামের একটি গান তারা গেয়েছেন। এ গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনে ছিলেন ইমরান। রোববার (২৮ জুন) এ রোমান্টিক ঘরানার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নতুন এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে, শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি সিনেমার গানে কণ্ঠ দিলাম।’ ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ Ñএ গান প্রসঙ্গে ইমরান বলেন, বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তার সঙ্গে দ্বৈত গান মানেই ইমরানের জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত তিনি। উল্লেখ্য, পরিচালক কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। এ সিনেমার শুটিংয়ের জন্য এ গান নিয়ে নেপালে পাড়ি দেবেন পরিচালক। সেখানেই হবে এ গানের শুটিং।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button