বিনোদন

ফিফা ও আর্জেন্টিনার ভক্তদের আচরণ নিয়ে ক্ষোভ ওমর সানীর

প্রবাহ রিপোর্ট ঃ বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় নিয়ে যখন সামাজিকমাধ্যমে চলছে উচ্ছ্বাস, তখন ভিন্ন সুরে কথা বললেন অভিনেতা ওমর সানী। ফিফার সমালোচনার পাশাপাশি আর্জেন্টিনার কিছু সমর্থকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, তিনি নিজেও ফুটবলের একজন অনুসারী। অভিনয়ে আসার আগে নিয়মিত ফুটবল খেলতেন এবং দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ উপভোগ করে আসছেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, ইরান ও মিশরের সঙ্গে ফিফা অন্যায় আচরণ করেছে। তার ভাষায়, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন কর্মকা- দুঃখজনক এবং নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। নিজেকে ব্রাজিলের সমর্থক উল্লেখ করে ওমর সানী বলেন, ব্রাজিলের বিদায় তিনি স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন। কারণ তার মতে, সেদিন দলটি ভালো খেলতে পারেনি বলেই হেরেছে। তবে আর্জেন্টিনার কিছু সমর্থকের বিজয় উদযাপনের ধরন তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ব্রাজিল হেরেছে, আমি এটাকে অন্যায় বলি না। ব্রাজিল খারাপ খেলেছে, তাই হেরেছে। কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত বিজয় উদযাপন করছে। এভাবে উল্লাস করার কোনো কারণ আমি দেখি না। ভিডিওর আরেক অংশে ফিফার কড়া সমালোচনা করে এই অভিনেতা দাবি করেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে সংস্থাটিকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে। তবে বক্তব্যের শেষদিকে নিজের মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশও করেন ওমর সানী। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন। তবে মেসিকে পছন্দ করার অর্থ এই নয় যে, আর্জেন্টিনার সব সমর্থকের আচরণের সঙ্গে তিনি একমত। বিশ্বকাপ ঘিরে দেশের শোবিজ অঙ্গনের তারকারা যখন সামাজিকমাধ্যমে নিজ নিজ দলের প্রতি সমর্থন জানিয়ে সরব, তখন ওমর সানীর এই ভিডিও বার্তাও নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button