‘বাইশের আগে ১৯৮৬’ হৃদয় ভাঙলেও আর্জেন্টিনা ছাড়েননি নাদিয়া

প্রবাহ রিপোর্ট ঃ জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ বরাবরই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর প্রিয় দলকে নিয়ে দীর্ঘদিনের ভালোবাসা, অপেক্ষা আর আবেগের গল্প শেয়ার করেছেন তিনি। ম্যাচটি দেখতে স্বামী এফ এস নাঈমকে সঙ্গে নিয়ে কানসাস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নাদিয়া। স্টেডিয়াম থেকে তোলা কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, ‘ভামোস আর্জেন্টিনা। সেমিফাইনালের পথে। গর্জে ওঠো আর্জেন্টিনা।’ একই পোস্টে তিনি স্মরণ করেন স্টেডিয়ামটির বিশেষ একটি স্মৃতি। জানান, এই মাঠেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই দেওয়া আরেকটি দীর্ঘ ফেসবুক পোস্টে আর্জেন্টিনা সমর্থকদের দীর্ঘ অপেক্ষা ও সংগ্রামের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। নাদিয়া লেখেন, ‘২০২২ সালের আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে। তাই এই দলের সমর্থক হতে হলে মনোবল সত্যিই শক্ত হতে হয়।’ এরপর তিনি স্মরণ করেন ২০০২ সালের হতাশা, ২০০৬ সালের আক্ষেপ, ২০১০ সালের ব্যর্থতা, ২০১৪ সালের ফাইনালে হৃদয়ভাঙা মুহূর্ত এবং ২০১৮ সালের কষ্টের স্মৃতি। তার ভাষায়, ‘এসব দেখেছি, তবু কখনো দল ছাড়িনি। বছরের পর বছর ধৈর্য, বিশ্বাস আর ভালোবাসা নিয়ে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে।’ নাদিয়ার মতে, আর্জেন্টিনাকে তিনি কখনো শুধু শিরোপার জন্য সমর্থন করেননি। তার কাছে এই দল মানে ইতিহাস, ঐতিহ্য, জার্সি, আবেগ এবং পরিচয়ের প্রতীক। তাই সমর্থকদের ভালোবাসাকে কেবল ট্রফির হিসাব দিয়ে বিচার করা যায় না। পোস্টের শেষদিকে অভিনেত্রী জানান, সাম্প্রতিক বছরগুলোতে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের মতো সাফল্য পাওয়ার পর এখন আর্জেন্টিনা সমর্থকরা অনেকটাই চাপমুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। অন্যের সমালোচনা বা বিদ্রুপও আর তাদের আবেগকে নড়বড়ে করতে পারে না। আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার আনন্দে বিশ্বের কোটি সমর্থকের মতো নাদিয়া আহমেদও নিজের দীর্ঘদিনের ভালোবাসা ও আবেগের কথা নতুন করে তুলে ধরেছেন সামাজিকমাধ্যমে।



