বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের

প্রবাহ রিপোর্ট ঃ বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের টানা বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড় ধসে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে মানবিক সংকট। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ সময় পার করছেন। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফারিণ লেখেন, দেশের বিভিন্ন স্থানে মানুষ প্রাণ হারাচ্ছেন, বন্যার পানিতে ভেসে যাচ্ছে মরদেহ, বহু পরিবার খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকটে দিন কাটাচ্ছে। এমন কঠিন বাস্তবতার মধ্যেও অনেককে পরীক্ষা ও কর্মস্থলে যেতে হচ্ছে- যা তাকে ভীষণভাবে ব্যথিত করেছে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যাদের মাথার ওপর নিরাপদ ছাদ রয়েছে, ঘরে বিদ্যুৎ আছে এবং খাবারের অভাব নেই, তাদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত। একই সঙ্গে সামর্থ্য অনুযায়ী সবাইকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান এই অভিনেত্রী। ফারিণের মানবিক এই বার্তা সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার পোস্টে মন্তব্য করে অনেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। কেউ কেউ বিভিন্ন ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন।



