‘যখন বুঝতে পারব হচ্ছে, তখন সবাইকে জানাব’

প্রবাহ রিপোর্ট ঃ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। টিভি এবং ওটিটিতে ধারাবাহিক পারফরম্যান্সে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন অপূর্ব। দীর্ঘ ক্যারিয়ারে সিনেমা করেছেন মাত্র দুটি। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে দেশের সিনেমায় অভিষেক হয় অপূর্বর। কিন্তু সেই সিনেমাটি সফল হয়নি। তাই সিনেমামুখী হননি অপূর্ব। প্রায় এক দশক পর ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। ‘চালচিত্র’ (২০২৪)-তে স্বল্প সময়ের উপস্থিতিতেও ভূয়সী প্রশংসা পেয়েছেন। সেটারও দুই বছর গত হলো। বর্তমানে তার কাছে চারটি সিনেমার প্রস্তাব এসেছে। এ ব্যাপারে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, এক সঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’ অপূর্বের কথা থেকে স্পষ্ট, তিনি সিনেমা নিয়ে ভাবছেন। ওই চার সিনেমার মধ্যে যেটায় স্বাচ্ছন্দ্য ও সাফল্যের সম্ভাবনা দেখবেন, সেটাই হয়তো চূড়ান্ত করবেন। আপাতত অপেক্ষায় থাকতে হবে তার ভক্তদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কনসার্ট করে বাহবা পেয়েছেন অপূর্ব। দেশে ফিরেই শুরু করলেন নাটকের শুটিং। মাসরিকুল আলমের নির্মাণে ‘নীলাঞ্জনা’য় অভিনয় করছেন; এতে তার সঙ্গে রয়েছেন শার্লিন ফারজানা।



